২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাইসেন্স নিয়ে আদালতের নির্দেশনা মানবে জিপি’

সম্প্রতি টু-জি কেলেঙ্কারিতে ভারত সরকার টেলিনরের লাইসেন্স বাতিল করে দিলেও বাংলাদেশে সে রকম কিছু আশংকা করছে না প্রতিষ্ঠানটির মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি টু-জি কেলেঙ্কারিতে ভারত সরকার টেলিনরের লাইসেন্স বাতিল করে দিলেও বাংলাদেশে সে রকম কিছু আশংকা করছে না প্রতিষ্ঠানটির মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণফোন। মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন বলেন, “ভারতের মতো কোনো অবস্থার আশংকা করছি না। এ বিষয়ে আমরা আদালতের আদেশ অনুসরণ করব।” লাইসেন্স নবায়ন ও অডিট রিপোর্টের বিষয়টি আদালতের নির্দেশনা মানা হবে বলে জানান টোরে জনসন। বাংলাদেশে গ্রামীণফোনের বেশিরভাগ শেয়ার আছে নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনরের কাছে। টু-জি লাইসেন্স নবায়ন ও তরঙ্গ ফি থেকে উৎসে কর কাটা এবং ২০০৮ সালে কেনা তরঙ্গের ওপর মার্কেট ক্যাপিটালাইজেশন ফ্যাক্টর যোগ করার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির শর্ত আরোপের বিরুদ্ধে হাইকোর্টে যায় গ্রামীণফোন। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গ্রামীন ফোনকে বিনা বাধায় কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আদেশ দেয়। গত ৩ অক্টোবর অডিট রিপোর্টের ভিত্তিতে ২১ দিন সময় বেঁধে দিয়ে গ্রামীণফোনকে ৩ হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে বলে বিটিআরসি। এরপর এ নিয়ে গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ালেও এখনো এর সুরাহা হয়নি। গ্রামীণফোনের ২০১১ সালের আর্থিক ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে টোরে বলেন, গ্রামীণফোন ২০১১ সালে ৮ হাজার ৯০৬ কোটি টাকা আয় করেছে, যা ২০১০ এর তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ বেশি। গ্রাহক সংখ্যা বাড়ার ফলে গত বছরের তুলনায় আয় বেড়েছে। টোরে দাবি করেন, আন্তজার্তিক ও স্থানীয় অর্থনৈতিক মন্দাভাব এবং ঘোলাটে নিয়ন্ত্রন পরিবেশ থাকা সত্ত্বেও গ্রামীণফোন বাজার প্রবৃদ্ধির সিংহভাগ নিজের নিয়ন্ত্রনে রাখতে পেরেছে। ২০১১ সাল শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৩ কোটি ৬৫ লাখ এবং বাজার দখল দাঁড়িয়েছে ৪০ শতাংশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়কর দেওয়ার পর ২০১১ সালে গ্রামীনফোনের নিট মুনাফা হয়েছে ১ হাজার ৮৮৯ কোটি টাকা যা আগের বছর ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। গ্রামীণফোন তার নেটওয়ার্ক আধুনিকায়নে ২০১১ সালে ১ হাজার ২৯৬ কোটি টাকা বিনিয়োগ করেছে উল্লেখ করে টোরে বলেন, চালু হবার পর থেকে গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমান দাড়িয়েছে ১৭ হাজার ৯৩ কোটি টাকা। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামীণফোন এ বছর সরকারি কোষাগারে কর, ভ্যাট ও শুল্ক আকারে জমা দিয়েছে ৪ হাজার ৬৬৫ কোটি টাকা এবং টু-জি লাইসেন্স নবায়ন ফির প্রথম কিস্তি হিসেবে জমা দিয়েছে ১ হাজার ৩৫০ কোটি টাকা। প্রতিষ্ঠার পর থেকে সরকারের কোষাগারে জমা দেয়া অর্থের পরিমান দাড়িয়েছে ২৪ হাজার ৫১৭ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫৫০ ঘ.