২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের সঙ্গে বৈরিতা নেই: কাদের

বিশ্বব্যাংককে বাদ দিয়ে মালয়শিয়ার অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এগোনো হলেও সংস্থাটির সঙ্গে সরকারের কোনো ধরনের বৈরিতা নেই বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

মাদারীপুর, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংককে বাদ দিয়ে মালয়শিয়ার অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এগোনো হলেও সংস্থাটির সঙ্গে সরকারের কোনো ধরনের বৈরিতা নেই বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মঙ্গলবার মাদারীপুরে সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে বর্তমানে অনেক প্রকল্প চলছে। তাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই।” ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। গত বছরের অক্টোবরে অর্থায়ন স্থগিতের ঘোষণার পর বহুপ্রতীক্ষিত এই সেতু নির্মাণের কাজ আটকে যায়। এরপর গত সপ্তাহে এই সেতু নির্মাণে মালয়শিয়া আগ্রহ দেখালে সরকারও তাতে সাড়া দেয়। কাদের জানান, আগামী ২১ ফেব্র“য়ারি মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণের অর্থ সহায়তার বিষয়ে সমঝোতা স্মারক সই হবে। যোগাযোগমন্ত্রী দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা সেতুর কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। তিনি জানান, যেসব পরিবার এখন পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের আগামী দুই মাসের মধ্যে তা দেওয়া হবে। বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন কাদের। প্রকল্প এলাকায় মন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, শিবচরের সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭০০ ঘ.