২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে রপ্তানি-পণ্যের নিরাপত্তা বাড়ানোর আহ্বান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের হস্তক্ষেপ কামনা করেছেন তৈরী পোষাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের হস্তক্ষেপ কামনা করেছেন তৈরী পোষাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে বিজিএমইএ -এর একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ দাবি জানান। রপ্তানি-পণ্যের নিরাপত্তায় বিমানবন্দরে আরো ছাউনি নির্মাণ, বিজিএমইএ-এর জন্য আলাদা ইমিগ্রেশন ডেস্ক স্থাপন এবং আমদানি-রপ্তানি মালামাল চুরি ঠেকাতে ব্যবস্থা নিতে আহ্বান জানান বিজিএমইএ নেতারা। জবাবে ফারুক খান বলেন, গার্মেন্টস শিল্প বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদাপূর্ণ পরিচয় এনে দিয়েছে। দেশের অর্থনীতিতেও এর অবদান অপরিসীম। তাই এ শিল্পের সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে মালামাল দ্রুত ছাড় করতে স্বয়ংক্রিয় স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। কার্গো ভিলেজে দীর্ঘ সময় মালামাল পড়ে থাকা ঠেকাতে সপ্তাহ জুড়ে কাস্টমস ও ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। মন্ত্রী বলেন, পচনশীল পণ্য বিবেচনায় সবজি রপ্তানিকারকদের জন্য কার্গো ভিলেজে চিলার ইউনিট শিগগিরই স্থাপন করা হবে। নতুন ছাউনিও (শেড) নির্মাণ করা হবে। ঢাকা-মিয়ানমার ও ঢাকা-গোহাটি নতুন রুট চালু করা হবে উল্লেখ করে ফারুক খান বলেন, দ্রুত সময়ে মালামাল রপ্তানির সুবিধার জন্য বিমান বহরে নতুন কার্গো বিমান সংযোজন করা হচ্ছে। বিমানবন্দরে আমদানি ও রপ্তানি পণ্য চুরি ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাস হলে এমনিতে চুরি কমে যাবে। বৈঠকে বিজিএমইএ নেতারা বিমানবন্দরের লোকবল সংকট দূর করতেও ফারুক খানকে পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬১৮ ঘ.