ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সাংসদদের বেতন করের আওতায় আনতে দুটি বিলের সংশোধনী জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
স্পিকার ও ডেপুটি স্পিকার (সম্মানী ও সুবিধা) (সংশোধন) আইন ২০১২ নামের এই বিলের পাশাপাশি সাংসদদের জন্য সংসদ সদস্য (সম্মানী ও ভাতা) (সশোধন) আইন ২০১২ বিল সোমবার সংসদে উত্থাপিত হয়।
আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদের পক্ষে এগুলো উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বিল দু’টি উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এই বিল দু’টি পাস হলে তা ২০১১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সাধারণভাবে নির্দিষ্ট সীমার উপর অর্জিত আয় সবার ক্ষেত্রে করযোগ্য। তবে, ১৯৭৪ সালের এক আইন অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন করমুক্ত। ফলে তাদের সঙ্গে সাধারণ নাগরিকের করারোপের বৈষম্য থেকেই যায়। এ বৈষম্য দূর করতে সংশোধনী বিলটি উত্থাপন করা হয়েছে।
একইভাবে ১৯৭৩ সালের এক আইন অনুসারে সাংসদদের বেতন করের আওতামুক্ত। তাদের সঙ্গে সাধারণ নাগরিকদের করারোপে বৈষম্য দূর করতে অন্য সংশোধনীটি আনা হয়।
গত ২৮ নভেম্বর বিল দুটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
এদিকে, মানব পাচারের অপরাধে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তিমৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি উত্থাপন করেন।
বিলটি ১০ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
পতিতালয় স্থাপন ও পরিচালনাকেও এ আইনের অধীনে অপরাধ হিসেবে ধরা হয়েছে।
গত বছরের ৬ জুলাই বিলটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। গত ১২ ডিসেম্বর বিলটিকে চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
এছাড়াও ছবি ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করে পাওয়ার অব অ্যাটর্নি বিল ২০১২ সংসদে উত্থাপন করা হয় সোমবার।
এই বিলটিও আইনমন্ত্রী শফিক আহমেদের পক্ষে উত্থাপন করেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
১৫ দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এই বিলটি পাস হলে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাক্ট ১৮৮২ বাতিল হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কিত বিবৃতিতে বলা হয়েছে, ভূমি ও ফ্ল্যাটের দাম বাড়ায় আমমোক্তানামা দলিলের ক্ষেত্রে নানা জাল-জালিয়াতির ঘটনা ঘটছে। প্রায় ১৩০ বছর আগে প্রণীত পাওয়ার অব অ্যাটর্নি আইনটি বাংলাদেশের বর্তমান আর্থামাজিক পরিস্থিতিতে যথার্থ নয়। আইনটি নিত্যনতুন জালিয়াতি ঠেকাতে সক্ষম নয়। তাই সময়ের চাহিদা পূরণের লক্ষে প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/০০১৬ ঘ.
bdnews24