ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারি মাসে মূল্যস্ফীতি বেশ খানিকটা বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার মূল্যস্ফীতির পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলন করে।
এতে প্রতিষ্ঠানের মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বলেন, প্রধানত চাল, ডাল, মাছ, ডিম, ফল, ভোজ্য তেল ও প্যাকেটজাত দুধের দাম বৃদ্ধি খাদ্যে মূল্যস্ফীতি বাড়িয়েছে।
খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির কারণ হিসেবে বাড়ি ভাড়া, পরিবহণ ব্যয়, পরিধেয় বস্ত্র এবং গৃহস্থালি ব্যয় বেড়ে যাওয়াকে চিহ্নিত করেছে বিবিএস।
সার্বিকভাবে মূল্যস্ফীতিতে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে জানিয়ে শাহজাহান আলী বলেন, “গত বছরের ডিসেম্বর মাস হতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব জানুয়ারি মাসের জ্বালানি ও জ্বালানি সংক্রান্ত দ্রবাদির মূল্যের ওপর পড়েছে।”
মূল্যস্ফীতি অনেক দিন ধরে দুই অঙ্কের ঘরে থাকলেও মানুষ কষ্টে নেই বলে মনে করেন বিবিএস পরিচালক। তিনি বলেন, “মানুষের ক্রয়-ক্ষমতা বেড়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৯০ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হার ১৩ দশমিক ১৬ শতাংশ।
জানুয়ারিতে গ্রামে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ১৫ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১৩ দশমিক ২৫ শতাংশ।
গ্রামে জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ১৩ দশমিক ২৩ শতাংশ।
জানুয়ারিতে শহরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১১ দশমিক ৬২ শতাংশ।
শহরে জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতির হার ১২ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে তা ১২ দশমিক ৯৭ শতাংশ।
গত এক বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৯১ শতাংশ।
খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বাড়ার কারণ ব্যাখ্যা করে বিবিএস মহাপরিচালক বলেন, “টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বাড়ার কারণে আমদানিনির্ভর সব ধরনের পণ্যের দাম বেড়েছে। নন-ফুড মূল্যস্ফীতিতে তার প্রভাব পড়েছে।”
মূল্যস্ফীতি প্রায় এক বছর ধরে দুই অঙ্কের কোঠায় রয়েছে। দেশের অর্থনীতি সঙ্কটে নেই বলে সরকার দাবি করলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাটাকে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।
বাজেটে অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ এ রাখার লক্ষ্য ঠিক করা হলেও গত মাসেই কেন্দ্রীয় ব্যাংক আভাস দিয়েছে, তা ৯ শতাংশ হতে পারে।
গত বছরের ফেব্র“য়ারি মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৪ শতাংশে। এর পর থেকেই মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়েছে।
এই সময়ে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি উঠেছিল গত বছরের সেপ্টেম্বর মাসে, ১১ দশমিক ৯৭ শতাংশ। অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ।
১৯৯৫-৯৬ বছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে বিবিএস।
মূল্যস্ফীতি বাজেটে ঘোষিত ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখা সম্ভব হবে কি না- এ প্রশ্নের উত্তরে শাহজাহান মোল্লা বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বিবিএসের কাজ নয়, আমাদের কাজ তথ্য সংগ্রহ করে তা জানানো।”
“তবে পরিসংখ্যানে যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এবার গড় মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরেই থাকবে,” যোগ করেন তিনি।
বিবিএস ১৯৭৩-৭৪ সাল হতে নিয়মিতভাবে প্রতি মাসে মাঠ পর্যায় হতে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে আসছে। সংগৃহিত উপাত্তসমূহ বিশ্লেষণ করে ভোক্তার মূল্য সূচকসমূহ (জাতীয়, পল্লী ও শহর) এবং মূল্যস্ফীতির হার প্রণয়ন করা হয়। মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য ও খাদ্য বহির্ভূত- এ তিন ভাগে আলাদাভাবে হিসাব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯২৫ ঘ.
bdnews24