ঢাকা, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের সঙ্গে চলতি মাসে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে মালয়শিয়া।
মালয়শিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা শনিবার বলেছে, আগামী ২১ ফেব্র“য়ারি এ চুক্তি হবে বলে জানিয়েছেন ভারত ও দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়নে মালয়শিয়া সরকারের বিশেষ দূত দাতো সোরি এস স্যামি ভেলু ।
এ সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিত করা এবং পরবর্তীতে প্রয়োজনে সেতুটি সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) চুক্তির আওতায় করা হবে বলে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্যে চুক্তির কথা বলেছেন মালয়শিয়ার বিশেষ দূত।
সেতু নির্মাণে তার দেশের আগ্রহের কথা গত ৩১ জানুয়ারি বাংলাদেশে সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলেন বিশেষ দূত। এর আগের দিন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও একই বিষয়ে কথা বলেন তিনি।
সে সময় যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে যথাসময়ে অচলাবস্থার অবসান না হলে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া বা অন্য যে কোনো দেশের সঙ্গেই চুক্তি করা হবে।”
বিশ্ব ব্যাংকের নাম উল্লেখ না করে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, একটি ঋণদাতা সংস্থা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তার প্রমাণ দিতে না পারলে তাদের অর্থ সরকার নেবে না।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। অবশ্য দুর্নীতি দমন কমিশনের তদন্তে এর সত্যতা পাওয়া যায়নি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। বাকি অর্থের যোগান দেবে সরকার।
মালয়শিয়ার শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কোম্পানিগুলোর যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হবে জানিয়ে স্যামি ভেলু বলেন, “প্রথম ও দ্বিতীয় পেনাং সেতুর মতো সেতু নির্মাণে আমাদের সফলতা দেখেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত ওই সেতু নির্মাণের বিষয়টি দেখার জন্য আমাদের অনুরোধ করেন।”
“গত এক মাস এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আলোচনা করেছি এবং অবশেষে প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাকের সম্মতিতে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি যে, সেতুটি
নির্মাণে আমরা প্রস্তুত।”
বিশেষ দূতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর এ সেতু নির্মাণ প্রকল্পের তদারকি করবে জানিয়ে স্যামি ভেলু বলেন, “রাষ্ট্রীয় কনস্ট্রাকশন কোম্পানিগুলোর সঙ্গে মালয়েশিয়ার অনেক খ্যাতনামা কনস্ট্রাকশন কোম্পানি এ যৌথ উদ্যোগে অংশ নেবে বলে শোনা যাচ্ছে।”
এ প্রকল্পে অর্থায়ন নিয়ে তিনি বলেন, “কন্ট্রাক্টর এ প্রকল্পে অর্থায়নের জন্য দুবাইয়ের এক বিনিয়োগকারী পেয়েছে। তাদের মধ্যে এখন চূড়ান্ত পর্যায়ের সমঝোতা আলোচনা চলছে।”
অর্থায়নকারী খুঁজে বের করা এবং নির্বাচন নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোনো বক্তব্য থাকবে না বলে জানান স্যামি ভেলু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/পিডি/২২০৯ ঘ.
bdnews24