২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইআরএফে মাঈন সভাপতি, হারমাছি সম্পাদক নির্বাচিত

ঢাকার অর্থনৈতিক প্রতিবেদকদের এই সংগঠনের সভাপতি খাজা মাঈন উদ্দিন ডেইলি সানে, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কর্মরত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি সানের প্ল্যানিং এডিটর খাজা মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছি। ঢাকায় কর্মরত অর্থনৈতিক প্রতিবেদকদের এই সংগঠনের নির্বাচনে শুক্রবার নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে এই সংগঠনের ১৩২ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন তত্ত্বাবধানকারীরা জানান। সভাপতি পদে মাঈন উদ্দিন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ফাইন্যান্সসিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা নাজমুল আহসান পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আবদুর রহিম হারমাছি পেয়েছেন ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার দেশের সৈয়দ মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। নির্বাচনে চ্যানেল আইয়ের প্ল্যানিং এডিটর শাকিলা জেসমিন সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক আশরাফুল ইসলাম। নির্বাচিত চার জন সদস্য হলেন- বদিউল আলম, হাসান আরিফ, জীবন ইসলাম ও সাইফ ইসলাম দিলাল। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। অন্য দুজন হলেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। ভোটগ্রহণের আগে সংগঠনের বিদায়ী সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে ইআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক আবু কাওছার সংগঠনের গত দুই বছরের কার্যক্রম এবং অর্থ সম্পাদক সাইফুল ইসলাম আয়-ব্যয়ের বিবরণী প্রতিবেদন আকারে তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২১০২ ঘ.