আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া ও সুনামগঞ্জ-নেত্রোকোনার সুনেত্র ‘স্ট্রাকচারে’ চলতি মাসেই নতুন দুটি অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাপাসিয়া স্ট্রাকচারে ইতোমধ্যে রিগ স্থাপনের কাজ শেষ। আগামী সপ্তাহে খনন শুরু হবে।”
“আর এ মাসের শেষ দিকে সুনেত্র স্ট্রাকচারে নতুন অনুসন্ধান কূপ খনন করা হবে। সেখানে রিগ স্থানান্তরের কাজ চলছে”, যোগ করেন তিনি।
আগামী মাসে কুমিল্লার শ্রীকাইলে আরেকটি কূপ খনন করা হবে বলে বাপেক্স এমডি জানান।
তিনি জানান, গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ২০০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ (টুডি সাইসমিক সার্ভে) চালিয়ে গ্যাস মজুদ থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়।
জরিপের ফল বিশ্লেষণে দেখা যায় সেখানে ৫৫০ থেকে ৬৬০ বিসিএফ (বিলিয়ন ঘন ফুট) গ্যাসের মজুদ থাকতে পারে। তবে এর মধ্যে ২৫০ থেকে ৩০০ বিসিএফ গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে বলে মুর্তজা আহমেদ জানান।
এর আগে ২০০৪ সালে কুমিল্লার শ্রীকাইলে একটি অনুসন্ধান কূপ খনন করলেও সেখানে কোনো গ্যাস পায়নি বাপেক্স। সেখানে নতুন স্থানে প্রায় ১৫০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা গেছে এবার।
এছাড়া সুনামগঞ্জ-নেত্রকোনার সুনেত্র স্ট্রাকচারে প্রায় ৬০০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ভূতাত্ত্বিক জরিপ চালিয়েছে বাপেক্স। সেখানে দুই থেকে তিন ট্রিলিয়ন ঘটফুট (টিসিএফ) গ্যাসের মজুদ থাকতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) সহযোগী প্রতিষ্ঠান বাপেক্স এ পর্যন্ত তিনটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম, ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার সালদায় দ্বিতীয় এবং গত বছরের ২৮ অগাস্টে নোয়াখালীর সুন্দলপুরে তৃতীয় ক্ষেত্রে গ্যাস পায় প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২২০ ঘ.
bdnews24