২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য বহনে নৌ রুটে হালকা যানে সম্মত বাংলাদেশ-মিয়ানমার

অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহনে হালকা নৌযান চলাচলে একমত হয়েছে মিয়ানমার ও বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহনে হালকা নৌযান চলাচলে একমত হয়েছে মিয়ানমার ও বাংলাদেশ। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শেখ মাহফুজ হামিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত আট বছর ধরে এ বিষয়টি করার জন্য আমরা চেষ্টা চালিয়ে আসছিলাম। আজ মিয়ানমারের পক্ষ থেকে এ বিষয়ে সম্মতি জানানো হয়েছে।” এ বিষয়টি চূড়ান্ত করতে গত ২৮ জানুয়ারি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে জয়েন্ট শিপিং কমিটি (জেএসসি) একটি প্রতিনিধি দল মিয়ানমার যায়। ওই প্রতিনিধি দলের সদস্য ছিলেন শেখ মাহফুজ। তিনি বলেন, “মিয়ানমারের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসলে এ বিষয়ক স্টান্ডার্ড অব প্রসিডিউর (এসওপি) সই হবে বলে আশা করছি।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিয়ানমারের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এর দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি। হামিদ বলেন, ২০০৪ সালে মিয়ানমারের সঙ্গে হওয়া বাংলাদেশ-মিয়ানমার কোস্টাল অ্যান্ড মার্চেন্ট শিপিং চুক্তির আওতায় এ এসওপি সই হবে। তিনি বলেন, মিয়ানমারের চেয়ে বাংলাদেশের নৌ পরিবহণ খাত অনেক বেশি অগ্রসর এবং এতে স্থানীয় নৌ পরিবহণ ব্যবসায়ীরা লাভবান হবে বলে আশা করা হচ্ছে। জিপসাম, পাথর ও চিপস, কাঠ এবং চাল ও ডালের মতো পণ্যগুলো মিয়ানমার থেকে তুলনামূলক কম মূল্যে আমদানি করা যাবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও টেকনাফ এবং মিয়ানমারের ইয়াঙ্গুন, সিচিউ, পাথাইন ও মগদু বন্দর দিয়ে এসব নৌযান মালামাল আনা-নেওয়া করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩২৭ ঘ.