ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে হলমার্ক গ্রুপকে দেয়া ঋণের টাকা আদায়ে সোনালী ব্যাংককেই মামলা করতে হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার কমিশন কার্যালয়ে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, “দুদক টাকা আদায়ে মামলা করবে না। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকেই অর্থ ঋণ আদালতে মামলা করতে হবে। তবে ব্যাংক কর্তৃপক্ষ কোনো সহযোগিতা চাইলে কমিশন থেকে সহযোগিতা করা হবে।”
মামলা দায়েরের ক্ষেত্রে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ কোনো গাফিলতি করলে কমিশন থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে দুদক সচিব জানান।
এ বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
২০১০ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা, আগারগাঁওসহ একাধিক শাখা থেকে মোট ৩ হাজার ৬০৬ কোটি টাকা হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠান অনিয়মের মাধ্যমে নেয় বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এলে তা নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক।
ওই মামলায় রোববার রাতে মিরপুর থেকে তানভীরকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ১১ মামলার মধ্যে তিনটি মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে জিজ্ঞাসাবাদে ২৪ দিনের হেফাজতে পাঠায় আদালত।
জিজ্ঞাসাবাদের তানভীর অর্থ কেলেঙ্কারির দায় শিকার করেছেন বলে জানান দুদকের তদন্ত দলের প্রধান মীর জয়নুল আবেদীন শিবলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এসইউ/১৩০৫ ঘ.
bdnews24