২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ, জ্বালানি খাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহী ইরান

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়ার সঙ্গে বৈঠককালে সফররত ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী মাহ্দী গাজানফারি তার দেশের এ আগ্রহের কথা জানান । শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল জলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান । এছাড়া রেলওয়ের আধুনিকায়ন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি যন্ত্রপাতি তৈরি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতককরণ শিল্পেও ইরান বাংলাদেশকে সহায়তা দেবে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে দ্বিপাক্ষিক এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুলাহ্, যুগ্মসচিব খলিলুর রহমান সিদ্দিকীসহ শিল্প মন্ত্রণালয় ও ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে ঢাকায় আগত ইরানি প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ইরানের শিল্পমন্ত্রী ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সদস্য দেশগুলোর সম্মিলিত অংশগ্রহণে সার, জ্বালানিসহ গুরুত্বপূর্ণ শিল্পখাতে যৌথ প্রকল্প গ্রহণেরও প্রস্তাব করেন। সোমবার ঢাকায় ‘ওয়ার্কিং গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল কোপারেশন অব ডি-৮’ এর ৭ম বৈঠক শুরু হয় । অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে ১৯৮৭ সালে এই জোট প্রতিষ্ঠার পর থেকে মুসলিম প্রধান দেশ নাইজেরিয়া, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, মালয়শিয়া, মিশর ও ইন্দোনেশিয়া বর্তমানে অটোমোবাইল, সিমেন্ট, স্টিল, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি, পেট্রোকেমিকেল, সার, জ্বালানি, পরিবেশ সংরক্ষণ, খাদ্য, টেক্সটাইল ও পোশাক, ক্ষুদ্র-মাঝারি শিল্পসহ ১২টি শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা দিয়ে আসছে। দ্বিতীয় ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের বৈঠক তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়। আগের সম্মেলন ইরানে অনুষ্ঠিত হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ/২২৪৩ ঘ.