ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণের জন্য ডি-৮ ভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া।
তিনি বিশ্বাস করেন, বিশ্ব অর্থনৈতিক সংকট উন্নয়নশীল এই আটটি দেশের জন্য ‘এক সুযোগ’, যেখানে বিশ্বের জনসংখ্যার ১৩ শতাংশেরই বাস।
শিল্পমন্ত্রী বলেন, “বিশ্ব বাজারে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে যা কাজে লাগানো দরকার।”
সোমবার ঢাকায় ‘ওয়ার্কিং গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল কোপারেশন অব ডি-৮’ এর ৭ম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, “ওষুধ, মুদ্রণ ও প্রকাশনা, প্লাস্টিক, চামড়া, পাট ও পাটজাত পণ্যের মতো আরো কিছু সম্ভাবনাময় খাতকে (পাস্পরিক সহযোগিতার জন্য) আমাদের চিহ্নিত করা উচিত।”
বিপুল জনগোষ্ঠী, সস্তা শ্রমশক্তি, বিশাল অভ্যন্তরীণ বাজার, দ্রুত প্রযুক্তি স্থানান্তরের সুযোগ এবং অভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধকে ডি-৮ দেশগুলোর জন্য প্রতিযোগিতামূলক সুবিধা হিসেবে চিহ্নিত করেন তিনি।
“এখন আমাদের দরকার দক্ষতা ও জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও উদ্যোগ জোরদার করা। এশিয়া ও আফ্রিকার দ্রুত উদীয়মান দেশগুলোর সঙ্গে ব্যবসা ও বাণিজ্য খাতে সহযোগিতার নতুন দিগন্তের উন্মোচন করতে পারি আমরা।”
দুদিনের এই বৈঠকে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে ১৯৮৭ সালে এই জোট প্রতিষ্ঠার পর থেকে মুসলিম প্রধান দেশ নাইজেরিয়া, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, মালয়শিয়া, মিশর ও ইন্দোনেশিয়া বর্তমানে অটোমোবাইল, সিমেন্ট, স্টিল, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি, পেট্রোকেমিকেল, সার, জ্বালানি, পরিবেশ সংরক্ষণ, খাদ্য, টেক্সটাইল ও পোশাক, ক্ষুদ্র-মাঝারি শিল্প ও যন্ত্রপাতি খাতসহ ১২টি শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা করে আসছে।
শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে শিল্প খাতের নির্বাচিত বিষয়ে সদস্য দেশগুলো তাদের অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময় করবে এবং নিজেদের অভিন্ন দুর্বলতা ও শক্তির দিকগুলো তুলে ধরবে।
এছাড়াও বাংলাদেশের উদ্যোক্তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ওষুধ, বস্ত্র ও পোশাক খাতে তাদের অভিজ্ঞতা বিনিময় করবে।
দ্বিতীয় ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের বৈঠক তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়। আগের সম্মেলন ইরানে অনুষ্ঠিত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এইচএ/২৩২৪ ঘ.
bdnews24