২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসে ঋণপত্র খোলা কমেছে ১৪ শতাংশ

আমদানি ব্যয় কমছে। গম ছাড়া প্রায় সব পণ্যের আমদানিই কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গম ছাড়া প্রায় সব পণ্যের আমদানি কমায় দেশের মোট আমদানি ব্যয় হ্রাস পেয়েছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই- অগাস্ট) গত বছরের একই সময়ের তুলনায় পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা কমেছে প্রায় ১৪ শতাংশ। এ সময়ে ৫৪৭ কোটি ৮৮ লাখ ডলারের ঋণপত্র খোলা হয় যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৩৫ কোটি ৩২ লাখ ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২০১১-১২ অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে আগের বছরের চেয়ে ঋণপত্র খোলা বেড়েছিল ২০ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অগাস্ট মাসে ঋণপত্র নিষ্পত্তিও কমে গেছে। এ সময়ে ৫৩৭ কোটি ৩৮ লাখ ডলারের এলসি নিষ্পত্তি হয়। গত অর্থবছরের একই সময়ে নিষ্পত্তি হয়েছিল ৫৪৮ কোটি ডলারের ঋণপত্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অগাস্ট সময়ে গম আমদানির জন্য ঋণপত্র খোলা বেড়েছে ২৩২ শতাংশ। তবে এ সময়ে চাল আমদানির ঋণপত্র খোলা বেড়েছে ৮২ শতাংশ। চিনির ঋণপত্র কমেছে ৬৬ শতাংশ। এছাড়া ডাল, পেঁয়াজ ও ভোজ্য তেল (পরিশোধিত) আমদানির ঋণপত্র কমেছে যথাক্রমে ৩৬ দশমিক ০৪, ১৯ দশমিক ৩০ এবং ৩ দশমিক ১২ শতাংশ। এদিকে আমদানি ব্যয় কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সন্তোষজনক অবস্থায় রয়েছে। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ১১ দশমিক ৪০ বিলিয়ন ডলার, যা দিয়ে পাঁচ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী, কোনো দেশের তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এইচএ/১৯৩০ ঘ.