২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব ব্যাংকের প্যানেল তদন্ত বিশ্বাসযোগ্য করবে’

পদ্মা ‘দুর্নীতির’ তদন্ত বিশ্ব ব্যাংক গঠিত প্যানেলের পর্যবেক্ষণ এর বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা ‘দুর্নীতির’ তদন্ত বিশ্ব ব্যাংক গঠিত প্যানেলের পর্যবেক্ষণ এর বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই মোরেনো ওকাম্পোর নেতৃত্বে গঠিত বিশ্ব ব্যাংক প্যানেলকে স্বাগতও জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। রোববার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের সার্বিক প্রশাসন অবিশ্বাসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। এই প্যানেল এলে দুদক তদন্ত টিমের কাজ সবার কাছে বিশ্বাসযোগ্য হবে।” দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছিল বিশ্ব ব্যাংক। এরপর দুর্নীতি দমন কমিশন এর তদন্তে নামে। অন্যদিকে সরকারের বিভিন্নমুখী তৎপরতায় গত মাসে বিশ্ব ব্যাংক ফেরার ঘোষণা দিলেও দুদকের তদন্ত পর্যবেক্ষণে তিন সদস্যের একটি প্যানেল গঠন করে তাদের প্রতিবেদনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে শুক্রবার জানিয়েছে বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি। দুদক কমিশনার বলেন, “এই টিমে যারা আসছেন, তারা সবাই বিশেষজ্ঞ। এই ধরনের একটি প্যানেল দুদকের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বিবেচিত হয়েছে, এটা আমাদের জন্য বিশাল সুযোগ।” বিশ্ব ব্যাংক প্যানেলের অন্য দুই সদস্য হলেন হংকং এর দুর্নীতি বিরোধী কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। চলতি মাসের মাঝামাঝিতে এই প্যানেলের ঢাকায় আসার কথা রয়েছে। বিশ্ব ব্যাংকের সঙ্গে দুদকের যোগাযোগ হয়েছে জানিয়ে গোলাম রহমান বলেন, “আমরা বহুদিন এর জন্য অপেক্ষা করেছিলাম। আশা করি, কমিশনের কার্যক্রমে তারা সন্তুষ্ট হবেন।” বিশ্ব ব্যাংকের এই পর্যবেক্ষণ দুদকের তদন্তের প্রতি আস্থার ঘাটতির প্রকাশ কি না- জানতে চাওয়া হলে দুদক চেয়ারম্যান বলেন, “এটা বিশ্বাসের ঘাটতি নয়, তারা সন্তুষ্ট হতে চায়।” “ওরা এত টাকা ঋণ দিচ্ছে, ওদের কি সন্তুষ্টির প্রয়োজন নেই,” প্রশ্ন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২৩০৬ ঘ.