ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে এলেও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে গত সেপ্টেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির পরিমাণ দুই অংকের ঘরে পৌঁছেছে।
২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ। অগাস্টে এই হার ৯ দশমিক ২৯ শতাংশ ছিল।
আর পুরনো হিসাবে, অর্থাৎ ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অগাস্টের ৯ দশমিক ৫৯ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৯ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল।
তিনি বলেন, “মূলত বিদ্যুৎ, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালীর সামগ্রী, পরিবহন ও অন্যান্য দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধির কারণেই খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে।”
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে প্রায় ১৫ শতাংশ এবং পাইকারিতে ১৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, যা ওই মাসের ১ তারিখ থেকেই কার্যকর করা হয়।
পরিসংখ্যান ব্যুরোর সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরনো পদ্ধতিতে (১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৭ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। অগাস্টে এই হার ৭ দশমিক ৯৩ শতাংশ ছিল।
আর নতুন পদ্ধতিতে (২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৬ শতাংশে। অগাস্টে এই হার ৪ দশমিক ৯৭ শতাংশ ছিল।
অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে খাদ্য খাতের মূলস্ফীতিও কমে এসেছে বলে পরিসংখ্যান ব্যুারো জানিয়েছে।
পুরনো হিসাবে অগাস্টের ৭ দশমিক ১০ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। আর নতুন পদ্ধতিতে হিসাব করলে এই হারস ২ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক বলেন, গত ১৮ জুলাই ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়। সে ভিত্তিতে আগামী ডিসেম্বর পর্যন্ত ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে।
সময়ের সঙ্গে ভোক্তাদের ভোগ্য পণ্য ব্যবহার এবং সেবা কর্মের ধরন পরিবর্তনের কথা বিচার-বিশ্লেষণ করে ভিত্তি বছরে পরিবর্তন আনা হয়েছে বলে জানান মোস্তফা কামাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ ভিত্তি বছরে গ্রামাঞ্চলে ৩১৮টি আইটেম সিপিআই বাস্কেটে নিয়ে মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। শহর এলাকায় এ সংখ্যা ৪২২টি।
১৯৯৫-৯৫ ভিত্তি বছরে গ্রাম ও শহর এলাকায় এ সংখ্যা ছিল যথাক্রমে ১৮২টি ও ২৭১টি। নতুন ভিত্তি বছরে গ্রামে নতুন আইটেম সংযোজন হয়েছে ১৩৬টি। শহরে ১৫১টি।
তবে নতুন হিসাবে পুরনো ভিত্তি বছরের গ্রামাঞ্চলে ৩৩টি ও শহরে ৩১ আইটেম বাদ দেয়া হয়েছে।
গোলাম মোস্তফা বলেন, মূল্যস্ফীতি হ্রাস-বৃদ্ধির কারণ পর্যালোচনা করলে দেখা যায়- মাসিক ভিত্তিতে অর্থ্যাৎ অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ০২ শতাংশ।
যা প্রধানত আটা, ডাল, মাছ, ডিম, শাক-সবজি, ভোজ্য তেল, দুধ, অন্যান্য খাদ্য সামগ্রী এবং তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে ঘটেছে বলে জানান তিনি।
“অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ। বিদ্যুৎ ও বাড়ি ভাড়া, পরিধেয় বস্ত্র আসবাবপত্র ও গৃহস্থালী, পরিবহন এবং অন্যান্য দ্রব্য এবং সেবা ইত্যাদির দাম বৃদ্ধির কারণে এই বৃদ্ধি ঘটেছে।”
বিবিএসের তথ্য অনুযায়ী, নতুন হিসাবে সেপ্টেম্বর মাসে শহর এলাকায় মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। এরমধ্যে খাদ্য খাতে হয়েছে ১ দশমিক ৬১ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে ১০ দশমিক ০৪ শতাংশ।
গ্রামে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৯৩ শতাংশ। খাদ্যে ২ দশমিক ০৯ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ১০ দশমিক ৩৬ শতাংশ।
পুরনো হিসাবে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। খাদ্য খাতে ৫ দশমিক ৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৮৮ শতাংশ।
পুরনো হিসাবে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। এরমধ্যে খাদ্য খাতে ৭ দশমিক ৪৩ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে এ হার ১০ দশমিক ১৪ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৫৩০ ঘ.
bdnews24