ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক কঠোর ভূমিকা রাখবে জানিয়ে ব্যাংকার ও পরিচালকদের হুঁশিয়ার করে দিয়েছেন গভর্নর আতিউর রহমান।
শনিবার এক সেমিনারে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যাংকারদের উদ্দেশে তিনি বলেন, “ব্যাংকগুলো দরজা খোলা রাখবে আর চোর এসে চুরি করে নিয়ে গেলে পুলিশের ঘাড়ে দোষ চাপাবেন তা হবে না। দরজা আপনাকেই বন্ধ করে ঘুমাতে হবে। পেশাদারি আচরণ করতে হবে। তা না হলে এ খাত থেকে বিদায় করা হবে।”
“সময় এসেছে। সিদ্ধান্ত নিন। নিজের ঘরে ঘুমাবেন। নাকি অন্য কোনো ঘরে ঘুমাবেন। দেশের জনগণের টাকা নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না।”
হলমার্ক কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে সোনালী ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করেছে। রাজনৈতিক পরিচয়ে নিয়োগপ্রাপ্ত বলে কথিত ব্যাংকটির বিদায়ী পরিচালকরা বরাবর এই কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করে ঘটনার পুরো দায় ব্যাংকের ব্যবস্থাপনার ঘাড়ে দিয়েছেন।
পরিচালকরা দায় এড়ালেও গভর্নর ছেড়ে কথা বলেননি তাদের। দুর্নীতি দমন কমিশন পরিচালকদের জিজ্ঞাসাবাদ করলেও এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি তাদের বিরুদ্ধে।
ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের উদ্দেশে উন্নয়ন অর্থনীতির এই গবেষক বলেন, “ব্যাংকিং খাতে যারা অপেশাদার পরিচালক ও ব্যাংকার রয়েছেন তাদের বিদায় নিতে হবে। সে সময় এসে গেছে। ক্ষমতা প্রয়োগ শুরু হয়েছে। তাই আমার এতো সমালোচনা। তবে আমি ক্ষমতা ব্যবহারে পিছপা হব না।”
গত ২৭ অগাস্ট গভর্নর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো এক চিঠিতে হলমার্ক ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে দায়ী করে ওই পর্ষদ পুনর্গঠনের অনুরোধ জানিয়েছিলেন।
হলমার্ক প্রসঙ্গ টেনে আতিউর বলেন, “কেন্দ্রীয় ব্যাংক চোখ বন্ধ করে থাকতে পারত। কিন্তু তা না করে শক্তিশালী অবস্থান নিয়েছে। তাই কিছু ধুলোবালি উড়ছে। তবে সব শান্ত হয়ে যাবে। জনগণের আমানত রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক এতোটুকু পিছপা হবে না। ছাড় দেবে না।”
একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, “রেফারি শক্তিশালী না হলে খেলা জমে না। আশা করি সরকার এ বিষয়ে নজর দেবে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতার যে হেরফের ও ভারসাম্যহীনতা রয়েছে তা দূর করার উদ্যোগ সরকারকেই নিতে হবে।”
চার বছর মেয়াদি গভর্নরের চলতি দায়িত্ব আগামী বছর মে মাসে শেষ হবে।
ব্যাংক তদারকি নীতিতে সীমাবদ্ধতা আছে- এমন মন্তব্য করে আতিউর বলেন, “সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর তদারকিতে কিছুটা ভারসাম্যহীনতা ও পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দুই ধরনের ব্যাংককে একভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে ব্যাংকিং খাতে দ্বৈতশাসন চলছে।”
তার সুপারিশ, “এ জন্য প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে হবে। ব্যাংকিং খাতে দ্বৈতশাসন দূর করা গেলে আর্থিক খাতে শৃংখলা ও স্থিতিশীলতা আসবে।”
গভর্নরের আশা, “এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করে ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংককে একক কর্তৃত্ব দেয়া হলে সরকারি ব্যাংকগুলো আইনগতভাবে পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে চলে আসবে। আর এতে করে আর্থিক খাতেও স্থিতিশীলতা আসবে।”
ব্যাংককে একটি সামাজিক ব্যবসা অভিহিত করে তিনি বলেন, এতে মালিকদের ৮/১০ শতাংশ শেয়ার ছাড়া বাকিটা জনগণের আমানত। এ আমানত সুরক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তাই আইনগত শক্তি থাকতে হবে। রেফারি শক্তিশালী হতে হবে।”
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা স্কুল অব ইকোনমিকস এবং তরুণ অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ ইয়ং ইকোনমিস্টস অ্যাসোসিয়েশন ‘আর্থিক খাতে স্থিতিশীলতাঃ করণীয় ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়েজন করে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মোস্তফা কামাল মুজেরী।
সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রমের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শক গ্যালেন টাস্টিসহ অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২০০৮ ঘ.
bdnews24