২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকে ‘সংস্কারের’ ইঙ্গিত কিমের

‘দারিদ্র্য দূরীকরণে’ আরো কার্যকর ভূমিকা রাখতে বিশ্ব ব্যাংকে সংস্কার আনার ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক এ ঋণদাতা সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘দারিদ্র্য দূরীকরণে’ আরো কার্যকর ভূমিকা রাখতে বিশ্ব ব্যাংকে সংস্কার আনার ইঙ্গিত দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক এ ঋণদাতা সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে টোকিওতে অনুষ্ঠেয় বৈঠকে সদস্য দেশগুলোর সঙ্গে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংক প্রধান। জুলাই মাসে সংস্থার প্রধান হওয়ার পর ১১ থেকে ১৪ অক্টোবর জাপানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভাই হবে প্রথম বৈঠক যেখানে নিজের সংস্থার বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরার সুযোগ পাবেন জিম কিম। বৃহস্পতিবার ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এখনো সুনির্দিষ্ট পরিবর্তনের প্রস্তাব ঠিক করিনি। ... কিন্তু প্রাক্কলিত সময়ের আগেই দ্রারিদ্র্য দূরীকরণের ব্যাপারে আমরা আসলেই বিশেষ মনোযোগ দিচ্ছি। ... এখন যেভাবে সংস্থা চলছে তাতে অবশ্যই কিছু পরিবর্তন আসবে।” এখন দ্রারিদ্র্য মোকাবেলায় উন্নয়ন ঋণ দেওয়ার দিকে দৃষ্টি কমিয়ে বাস্তবায়নের দিকে বেশি মনোযোগ দেয়া উচিৎ বলেও মত দেন তিনি। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বহুজাতিক দাতা সংস্থাগুলোর সংস্কারের আহবান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ৬০ বছরের পুরোনো ক্ষমতার সমীকরণের প্রতিফলন এবং তা কেবল কয়েকটি বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশের স্বার্থ রক্ষা করে। ভারত, ব্রাজিলসহ বিভিন্ন উন্নয়নশীল দেশও বেশ কিছুদিন ধরে বিশ্ব ব্যাংক ও আইএমএফের মতো সংস্থাগুলোতে তাদের ভোটের ক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। অবশ্য এসব ক্ষেত্রে সংস্কারের কোনো প্রস্তাব থাকছে কিনা- সে বিষয়ে কিছু বলেননি জিম কিম। তিনি বলেন, “আমি বিশ্ব ব্যাংককে এমন একটি মডেলে পরিণত করতে পরিচালনা পর্ষদকে আহ্বান জানাব, যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে আমরা আরো সহজে মধ্যবর্তী সংস্কার আনতে পারি। একই সঙ্গে নির্বাহী পর্ষদ ও পরিচালনা পর্ষদ যাতে বড় বড় ঋণের অনুমোদন নিয়ে লেগে থাকার বদলে বাস্তব ক্ষেত্রে এই ঋণের ফলাফলের বিষিয়ে জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে আরো নজর দিতে পারে।” আগামী বছর এপ্রিলে সদস্য দেশগুলোর সঙ্গে বৈঠকে সংস্কারের আরো সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বিশ্ব ব্যাংক প্রধান। “দীর্ঘদিন ধরেই এসব বিষয়ে পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে”, বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বর্তমানে দুর্বল প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের মধ্যে হাবুডুবু খাওয়ায় কিম মনে করেন, বড় দাতাদের কাছ থেকে বিশ্ব্যাংকের জন্য অর্থ চাওয়ার সময় নয় এটা। “এই সময়ে, আমি আসলেই আগ্রহী নই। .... পুঁজি বাড়ানোর জন্য আলোচনার সময় নয় এটা। আমার মনে হয় দাতা দেশগুলো এর জন্য প্রস্তুত নয়,” যোগ করেন তিনি। জিম কিম বলেন, টোকিও বৈঠকে খাদ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং বিশ্বজুড়ে কৃষকদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/জেকে/১৪৩০ ঘ.