২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারিতানভীরের বিরুদ্ধে মামলা করছে দুদক

হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক কে এম আজিজুর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করবে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক কে এম আজিজুর রহমানকে প্রধান আসামি করে বৃহস্পতিবার মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিয়ম ভেঙে হলমার্ক গ্রুপের সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার ঘটনায় ১১ মামলায় মোট ২৭ জনকে আসামি করা হবে বলে দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন। বুধবার দুদক কার্যালয়ে গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “দুদকের প্রাথমিক অনুসন্ধানে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা থেকে ১ হাজার ৫৬৮ কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে ঋণ নেয়ার প্রমাণ পাওয়া গেছে। সেই অনুযায়ী তদন্ত দল কমিশন বরাবর ১১টি মামলার সুপারিশ করেছে এবং কমিশন আজ তা অনুমোদন করেছে।” বৃহস্পতিবার দুপুরে মামলাগুলো হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,“অনুসন্ধানী দলের রিপোর্টের সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার অংশটি মঙ্গলবার বিকেলে কমিশনে দাখিল হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী হলমার্ক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে প্রধান আসামি করে মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।” কোন থানায় মামলাগুলো করা হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরেই তা আপনারা জানতে পারবেন।” মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে নিয়ম ভেঙে সোনালী ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা স্বীকার করেছেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার তৎকালীন ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে ইতোমধ্যে বরাখাস্ত করা হয়েছে। ২০১০ সাল থেকে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা কার্যালয় সহ একাধিক কার্যালয় থেকে অবৈধভাবে ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হলমার্ক গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স এবং ডিএন স্পোর্টস সহ ৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা। এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলে আমলে নেয় দুদক। এরপর সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের অনুরোধে এই অর্থ কারসাজির প্রাথমিক অনুসন্ধান কাজ শুরু করে কমিশন। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ দল তদন্ত চালাচ্ছে। এই অর্থ কারসাজির ঘটনায় এ পর্যন্ত তানভীর মাহমুদ, এ কে এম আজিজুর রহমান, হলমার্ক গ্রুপের জিএম তুষার আহমেদ, চেয়ারম্যান জেসমিন আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন সদস্যসহ মোট ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোনালী ব্যাংকের ব্যাবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের বেশিরভাগই গণমাধ্যমের সামনে নিজেদের নির্দোষ দাবি করেন। অন্যদিকে পরিচালনা পর্ষদের সদস্যরা অভিযোগ করেন, এই আর্থিক অনিয়মের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দায়ী। দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানী প্রতিবেদনে এখনও পর্যন্ত পরিচালনা পর্ষদের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তৎকালীন চেয়ারম্যানসহ সব সদস্যের সম্পদের পরিমান অনুসন্ধান করা হচ্ছে।” যোগ করেন গোলাম রহমান। হলমার্কের অর্থ কারসাজির ঘটনার আদৌ তাদের সংশ্লিষ্টতা রয়েছে কী না তা জানার জন্যই অনুসন্ধান কার্যক্রম চলছে বলে তিনি জানান। হলমার্কের অর্থ কারসাজির ঘটনায় ভবিষ্যতে আরো মামলা করার প্রস্তুতি রয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন,“ সোনালী ব্যাংক ছাড়াও ২৬ টি ব্যাংকের ৬১টি শাখা এর সাথে যুক্ত। এই ব্যাংকগুলোর কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন জমা পড়লে পরবর্তীতে আরও মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কেলেঙ্কারির ঘটনায় নাম আসায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এসইউ/১৯৩৯ ঘ.