ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চলতি অর্থবছরে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনের আশা করলেও শেষ পর্যন্ত এই হার ৬ শতাংশ হতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ম্যানিলাভিত্তিক এই ঋণদাতা সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, কৃষি খাত ছাড়া অন্য সব খাতেই প্রবৃদ্ধি কম হওয়ায় এবার বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কম হবে।
চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আর গত অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়।
বুধবার দুপুরে এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১২’ এ এই পূর্বাভাস দেয়া হয়।
এডিবি ঢাকা অফিসের প্রিন্সিপ্যাল কান্ট্রি ইকনোমিস্ট মোহাম্মদ জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক ও বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ঢাকা কার্যালয়ের আবাসিক প্রতিনিধি টেরেসা খো।
জাহিদ হোসেন বলেন, “ইউরো জোনে অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমে যেতে পাারে। রেমিটেন্স প্রবাহ এখন পর্যন্ত ভালো থাকলেও আগামীতে এ ধারা অব্যাহত থাকবে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে।”
এডিবির পূর্বাভাস বলছে, শিল্প খাতে প্রবৃদ্ধি এবার ৭ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৫ শতাংশ। সেবা খাতেও এবার প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৫ শতাংশ হবে। তবে কৃষি খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে।”
“এ সব কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে এডিবি মনে করে”, বলেন জাহিদ হোসেন।
অবশ্য বর্তমান প্রেক্ষাপটে ৬ শতাংশ প্রবৃদ্ধিও ‘ভালো’ বলে মন্তব্য করেন তিনি।
মূল্যস্ফীতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর বাম্পার ফলনের কারণে বাংলাদেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এ কারণে খাদ্য মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে জ্বালানি তেল ও বিদুত্যের মূল্য বৃদ্ধির কারণে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।
“এ কারণে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশ হবে। গত অর্থবছরে এ হার ছিল ১০ দশমিক ৬ শতাংশ।
ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়া কমায় সন্তোষ প্রকাশ করে জাহিদ হোসেন বলেন, “বিভিন্ন খাতে ভর্তুকি কমিয়ে আনায় এবার সরকারকে ব্যাংক থেকে কম ঋণ নিতে হচ্ছে। এটা ইতিবাচক বলে আমরা (এডিবি) মনে করি।”
সরকারের রাজস্ব আদায় ও বৈদেশিক সহায়তা পাওয়ার লক্ষ্যও এবার অর্জিত হবে বলে এডিবির ধারণা।
“তবে সব কিছুই নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভালো পরিস্থিতির ওপর”, যোগ করেন জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24