ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মোবাইল ফোনে ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন ৩৩ কোটি টাকা লেনদেন হচ্ছে। প্রতি মাসে এ সেবার মাধ্যমে লেনদেনের পরিমাণ বাড়ছে ১৫ শতাংশ।
মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে মোবাইল ব্যাংকিং নিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
গভর্নর বলেন, “কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত ২৩টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দিয়েছে। যার মধ্যে ১৪টি ব্যাংক তাদের কার্যক্রম এরই মধ্যে চালু করেছে।”
“এই ব্যাংকগুলো সারা দেশে ১৯ হাজার এজেন্টের মাধ্যমে এখন প্রায় ১০ লাখ গ্রাহককে মোবাইল প্রযুক্তিভিত্তিক বিভিন্ন আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে। এই সেবার মাধ্যমে প্রতি মাসে প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হচ্ছে। প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় ৩৩ কোটি টাকা।”
তিনি জানান, প্রতি মাসে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে লেনদেনের পরিমাণ গড়ে ১৫ শতাংশ করে বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠিকে আর্থিক সেবার আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২২৫৩ ঘ.
bdnews24