২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের প্রকল্পে এডিবির ঋণ

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় সাড়ে আট কোটি ডলার ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় সাড়ে আট কোটি ডলার ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। প্রকল্পে এডিবি বিশেষ সুবিধামূলক ঋণের আওতায় ৭ কোটি ডলার দেবে। বাকি দেড় কোটি ডলার যোগাবে বাংলাদেশ সরকার। গত সোমবার এ বিষয় বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে। শিক্ষকদের দক্ষতা বাড়ানো, বিদ্যালয়ে পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিজ্ঞান, গণিত ও ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো হবে প্রকল্পের মূল উদ্দেশ্য। ইকবাল মাহমুদ বলেন, “আমরা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার জন্য অস্ট্রেলিয়া সরকারকেও আমন্ত্রণ জানিয়েছি।” খো বলেন, এই প্রকল্পের ফলে শিক্ষকদের পাঠদানের দক্ষতা এবং শিক্ষার সার্বিক মান বাড়বে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ হবে এবং চাকরির ক্ষেত্রের জন্য বিশেষভাবে তৈরি হবে। ঋণচুক্তি অনুযায়ী, এডিবির দেয়া ৭০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করতে হবে আগামী ৩২ বছরে। এর মধ্যে আট বছর বর্ধিত সময় হিসেবে বিবেচিত হবে। এই সময় এডিবিকে ১ শতাংশ হরে সুদ দিতে হবে। পরবর্তী ২৪ বছরে দিতে হবে ১.৫ শতাংশ হারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এসইউ/১৬৩৬ ঘ.