গাইবান্ধা, ০১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণের টাকা পরিশোধ না করায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কৃষক পরিবারের দুটি গরু নিয়ে গেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব।
সোমবার কামারপাড়া ইউনিয়নের পুরানলক্ষ্মীপুর গ্রামের প্রয়াত হোসেন আলী আকন্দের বাড়ি থেকে গরুগুলি নিয়ে যায় ব্যাংক কর্তৃপক্ষ।
এক বছর আগে হোসেন আলী আকন্দের মৃত্যু হয়।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, হোসেন আলী আকন্দের কাছে রাকাবের পাওনা ৬৪ হাজার ১০৪ টাকা। ২০০৯ সালে তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়।
তিনি জানান, দুপুরে রাকাব কর্মকর্তা নুরুল ইসলাম সরকার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারিকারক গিয়াস উদ্দিন ওই কৃষক পরিবারের দুটি গরু এনে কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামের সরকারি খোয়ারে রেখেছেন।
রাকাব সাদুল্লাপুর শাখার ব্যবস্থাপক রফিকুল হক বলেন, তার এই শাখায় দেড় শতাধিক সর্টিফিকেট মামলা নিস্পত্তির অপেক্ষায় রয়েছে। তাই ঋণের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে নানা কৌশল নিতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়াত হোসেন আলীর পরিবারের দুটি গরু নিলামে বিক্রির জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলায় ৩৭০ জন ঋণ খেলাপীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার্টিফিকেট মামলা রয়েছে। তাই ঋণদাতা প্রতিষ্ঠানগুলো বকেয়া টাকা আদায়ের জন্য কৃষকদের চাপ দিচ্ছেন বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৪ ঘ.
bdnews24