ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের অর্থ কারসাজির ঘটনা তদন্তে সংশ্লিষ্ট ২৬টি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “২৬টি ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পরই প্রতিবেদন দেওয়া হবে।”
তিনি বলেন, “এটা অনেক বড় দুর্নীতি। এর করাপশন নেটওয়ার্ক বিশাল। অনেক হাঙর-কুমির এখানে যুক্ত, তাই এদের বিরুদ্ধে আটঘাট বেঁধেই নামতে হবে। নইলে এরা জাল ছিঁড়ে বের হয়ে যেতে পারে।”
ইনল্যান্ড বিল পারচেজিং এর মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ২ হাজার ৬০৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঋণপত্র সংশ্লিষ্ট ২৬টি ব্যাংকের জিম্মাদার সোনালী ব্যাংক। সোনালী ব্যাংকের পাওনা ১৬শ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংক একাই পায় নয়শ কোটি টাকা।
এই ঘটনা তদন্তে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মীর মোদাচ্ছের আলীসহ ইতোমধ্যে ৭৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জিএনএ/২১১৬ ঘ.
bdnews24