২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি কর্তাদের ব্যাংক হিসাব জব্দের আবেদন

মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ এর ২২ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি ২০০০ এর ২২ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেসটিনি কর্মকর্তাদের ২৫২টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ চেয়ে সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ আবেদন করা হয়। এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান বিষয়টি শুনে নিয়মিত আদালতে শুনানির জন্য পাঠিয়ে দেন। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে বলে কাজল জানান। সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের সবাইকে এ মামলায় জামিন দিলে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ২৭ সেপ্টেম্বর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জহুরুল হক জামিনের ওই আদেশ বাতিল করে অবিলম্বে তাদের এখতিয়ার সম্পন্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এই ২২ কর্মকর্তার মধ্যে ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, পরিচালক মো. হোসেন, মো. গোফরানুল হক, আবুল কালাম আজাদ ও মো. সাইদ উর রহমানও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/জেকে/১৩১৩ ঘ.