২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের দুটি দল ‘এ মাসেই’ আসছে

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের মূল্যায়ন এবং প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর বিষয়টি তদারক করতে শিগগরিই দুটি প্রতিনিধি দলকে ঢাকায় পাঠাবে বিশ্ব ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের মূল্যায়ন এবং প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর বিষয়টি তদারক করতে শিগগরিই দুটি প্রতিনিধি দলকে ঢাকায় পাঠাবে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক এ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সোমবার এক বিবৃতিতে বলেন, “বিশ্ব ব্যাংক সম্প্রতি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নতুন করে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিশ্ব ব্যাংকের দুটি প্রতিনিধি দল শিগগিরই ঢাকায় আসবে।” এর মধ্যে একটি দল পদ্মা সেতু প্রকল্পে ওঠা দুর্নীতির বিষয়ে বাংলাদেশের তদন্ত অবাধ ও পূর্ণাঙ্গভাবে হচ্ছে কি না তা মূল্যায়ন করবে। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ‘দুর্নীতি-দমন বিশেষজ্ঞরা’ এই প্যানেলে থাকবেন। আর দ্বিতীয় প্রতিনিধি দলটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নতুনভাবে সাজানোর ক্ষেত্রে প্রকল্পের অন্যান্য ঋণদাতাদের সঙ্গে সমন্বয় করবে, যাতে করে প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পান তারা। “চলতি মাসেই এ দুটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছাতে পারে বলে আমরা আশা করি”, বলেন গোল্ডস্টেইন। দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিতের পর গত বছরের সেপ্টেম্বরে চারটি শর্ত দিয়েছিল বিশ্ব ব্যাংক। তা পূরণ হয়নি জানিয়ে গত ২৯ জুন ১২০ কোটি ডলারে ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। এরপর সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে নানামুখী তৎপরতা শুরু করে। সমালোচনার মুখে থাকা যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় সৈয়দ আবুল হোসেনকে, ছুটিতে যান সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন, প্রকল্প থেকে সরানো হয় ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে। সব শর্ত পূরণের পর গত ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যংক। বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ফেরার পর গত ২৩ সেপ্টেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, “বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকার প্রতিনিধিরা ওয়াশিংটন, ম্যানিলা ও টোকিও থেকে আগামী সপ্তাহেই ঢাকায় আসবে।” তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের এক কর্মকর্তা রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের ১ অক্টোবরের ঢাকা সফর স্থগিত করা হয়েছে। যদিও এ প্রকল্পের অন্য দুই ঋণ দাতা সংস্থা এডিবি ও জাইকার প্রতিনিধিদল ওই বৈঠকের জন্য প্রস্তুত ছিল। পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণার পর ২৫ সেপ্টেম্বর আরেক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানায়, শর্তপূরণ সাপেক্ষে তারা এই সেতুতে অর্থায়ন করবে। সরকারি কর্মকর্তারা পরিস্থিতির ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও অভিযোগ করে সংস্থাটি। ২৯১ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা রয়েছে। এছাড়া এডিবি ৬১ কোটি ৫০ লাখ, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার চুক্তি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১২৩০ ঘ.