২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সার্ক বাণিজ্যে শিগগির সোয়াপ অ্যারেঞ্জমেন্ট’

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে শিগগির ‘সোয়াপ অ্যারেঞ্জমেন্ট’ কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে শিগগির ‘সোয়াপ অ্যারেঞ্জমেন্ট’ কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের পঞ্চম সম্মেলন শেষে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “ভারত সোয়াপ অ্যারেঞ্জমেন্ট প্রস্তাব সামনে নিয়ে এসেছে এবং আগামী বছরই এটা কার্যকর হবে।” সোয়াপ অ্যারেঞ্জমেন্টের আওতায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানির হিসাব হবে এবং সে হিসাবে এক দেশকে অন্য দেশ বকেয়া অর্থ পরিশোধ করবে। আগামী মার্চ নাগাদ এ অঞ্চলের মধ্যে দীর্ঘ মেয়াদী বিনিয়োগ ও মুদ্রার অবাধ প্রবাহ নিয়ে পাকিস্তান একটি প্রস্তাব উত্থাপন করবে বলেও জানান তিনি। আন্তঃযোগাযোগ অর্থমন্ত্রী বলেন, জ্বালানি, ট্রানজিট ও টেলিযোগাযোগ খাতে আঞ্চলিক যোগাযোগ গড়ে তোলা সম্ভব। “আন্তঃযোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। আমরা ট্রানজিট নিয়ে কাজ করছি এবং আমাদের সড়ক, রেল ও নৌ যোগাযোগ উন্নত করা দরকার।” ট্রানজিট নিয়ে সরকারের করা ‘কোর কমিটির’ প্রতিবেদন নিয়ে মন্ত্রী বলেন, “১০/১২ দিন আগে প্রতিবেদনটি আমি পেয়েছি এবং আমরা এখন এটা নিয়ে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে আলোচনা করছি।” “আগামী মার্চ নাগাদ ভারতের সঙ্গে অভ্যন্তরীণ নৌ পথে ট্রানজিট ও বাণিজ্যের ওপর করা প্রটোকলের মেয়াদ শেষ হবে বলে এ সময়ের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছি আমরা,” যোগ করেন মুহিত। ট্রানজিট নিয়ে কোনো রূপরেখা চুক্তি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি না এটা সই হবে কি না। তবে এর প্রয়োজন নাও হতে পারে।” সমন্বিত নীতি মুহিত বলেন, উন্নয়নের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি সমন্বিত বাজেট, মুদ্রা ব্যবস্থা ও উন্নয়ন নীতি গ্রহণে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। “সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কিভাবে অভিন্ন বাজেট, মুদ্রা ব্যবস্থা ও উন্নয়ন নীতি নিশ্চিত করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।” তিনি জানান, আগামী বছর অর্থমন্ত্রীদের বৈঠকে প্রতিবেদন তুলে ধরবে সার্ক সচিবালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩৩১ ঘ.