২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটে জিএটিটির আওতায় মাশুল: মশিউর

ভারতের কাছ থেকে ট্রানজিট ফি নয়, বরং জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (জিএটিটি) অনুমোদিত মাশুল নেবে সরকার। জানাচ্ছেন শেখ শাহরিয়ার জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের জন্য ট্রানজিট ফি নয়, বরং জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (জিএটিটি) অনুমোদিত সব ধরনের মাশুল নেবে সরকার। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ক ‘নথি’তে ট্রানজিট ফি নামে কোনো কথা নেই। জিএটিটি-এ ও ট্রানজিট অর্থনীতিতে যেসব নিয়ম-নীতির কথা বলা আছে সরকার তা যথাযথভাবে অনুসরণ করবে।” “জিএটিটি-তে অনুমোদিত সব মাশুলের বিষয় আমরা বিবেচনা করবো এবং এজন্য একটি নির্দিষ্ট পরিমাণ পাওনা ঠিক করতে সব ধরনের মাশুল একত্রিত করবো,” বলেন তিনি। জিএটিটি-তে কোনো দেশের ওপর দিয়ে অন্য দেশের পণ্য পরিবহণের জন্য অবকাঠামোগত উন্নয়ন ব্যয় ও তা পরিচালনার ব্যয় পরিশোধের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “জিএটিটি-এর আওতায় বিশ্বের অন্যান্য দেশ এক্ষেত্রে যে সব শর্ত আরোপ করে তার আলোকে ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করার ব্যাপারে আমরা মনস্থির করেছি।” দীর্ঘমেয়াদে বাণিজ্যের সম্ভাবনা এবং চলাচলকারী পণ্যবাহী নৌযানের সংখ্যার ওপর ভিত্তি করে এ অর্থের পরিমাণ ঠিক করা হবে। মশিউর বলেন, “সরকার যদি এ বিষয়টি নিশ্চিত করতে পারে যে, যথাযথ সেবা নিয়ে ভারত দীর্ঘ মেয়াদে ব্যবসা চালিয়ে যেতে পারবে তাহলে অর্থের পরিমাণ বেশি হবে।” অবশ্য গত অক্টোবরে এক সেমিনারে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাই বলেছিলেন, ১৯৭২ সালে ভারতের সঙ্গে হওয়া অভ্যন্তরীণ নৌ পরিবহণ ও বাণিজ্য (ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) বিষয়ক প্রটোকল নবায়নের আগামী বৈঠকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফি ঠিক করা হবে। আগামী ৩১ মার্চের আগেই ওই বৈঠক হবে বলে তখন জানিয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ট্রানজিট নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সম্মতিপত্র বিনিময়ের কথা থাকলেও তা হয়নি। ওই সফরেই তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ায় কথা থাকলেও তাও হয়নি। মশিউর বলেন, ভারতীয় কার্গোর প্রতি টন মালামাল প্রতি কিলোমিটার চলাচলের ওপর ভিত্তি করে মাশুল আরোপ করা হলে তা অদক্ষতা হবে। তার চেয়ে বরং একসঙ্গে একটি বড় পরিমাণ নির্ধারণ করাই উচিত হবে। “সামগ্রিকভাবে একটি পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে জিএটিটি-তে অনুমোদিত সব ধরনের মাশুল (চার্জ) বিবেচনায় নেওয়া হবে,” যোগ করেন তিনি। “ট্রানজিট নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের এ সেবার মান, ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও তাদের স্থায়িত্ব, জিএটিটি ও ট্রানজিট অর্থনীতির নিয়ম-নীতির বিষয় মূল্যায়ন করতে হবে।” গত ২৮ জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের বৈঠকে ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে রাতে জলপথে পরিবহণ চলাচল সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশকে অতিরিক্ত অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান বলেন, “তারা আমাদের আরো অর্থ দিতে চাইলে আমরা না বলব কেন।” নৌপথে পণ্য পরিবহণের সুবিধা পেতে ভারত প্রতি বছর বাংলাদেশকে সাড়ে পাঁচ কোটি টাকা দেয়। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের মার্চের পরও বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য বিষয়ক প্রটোকলের মেয়াদ বাড়াতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়। তাতে বলা হয়, “আশুগঞ্জ বহুমুখী বন্দর নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য বাংলাদেশকে সহায়তা করা হবে এবং ট্রানজিটের জন্য এ বন্দর ব্যবহার করা হবে।” ১৯৭২ সালে দিল্লিতে অভ্যন্তরীণ নৌ পরিবহণ ও বাণিজ্য (আইডব্লিউটিটি) বিষয়ক প্রটোকলে সই করে ঢাকা। এ প্রটোকলের আওতায় বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় নৌযান তার দেশের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবে। সমঝোতা মশিউর রহমান বলেন, আইডব্লিউটিটি প্রটোকল নবায়নে ভারতের নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সঙ্গে ‘সমঝোতা’ আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের নৌ পরিবহণ মন্ত্রণালয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রানজিট বিষয়ক ‘কোর কমিটির’ প্রতিবেদন মন্ত্রণালয় বিবেচনায় নেবে বলে জানান তিনি। ট্রানজিট নিয়ে সরকারের করা ‘কোর কমিটি’ তাদের প্রতিবেদন ইতোমধ্যেই জমা দিয়েছে। নিয়মিত পরিবহণ চলাচল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা কখনো বন্ধ ছিলো না। “ট্রানজিট নিয়ে বেশ কয়েকটি পরীক্ষামূলক চলাচল হয়েছে। কিন্তু এখন নিয়মিত চলাচলের ওপর কোনো নিষেধাষজ্ঞা নেই।” গত ২৮ সেপ্টেম্বর আশুগঞ্জ বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম বাণিজ্যিক ট্রান্সশিপমেন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০৫১ ঘ.