২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুতে মালয়শিয়া আগ্রহী: কাদের

দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে ‘যথাসময়ে’ অচলাবস্থার অবসান না হলে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া বা অন্য যে কোনো দেশের সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সেতু ভবনে মালয়শিয়া সরকারের বিশেষ দূত এইচ ই দাতো সেরি এস সামি ভেলির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, “পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে মালয়শিয়া সরকার গভীর আগ্রহ দেখিয়েছে। তাদের অফার পেয়েছি। কিছু ফরমালিটিজ আছে। বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করব।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়শিয়ার সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি। ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। তাদের এ অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনও, যদিও সরকারের পক্ষ থেকে বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। এ ব্যাপারে যোগাযোগমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংকের সঙ্গে যথাসময়ে অচলাবস্থার অবসান না হলে পদ্মা সেতু নির্মাণে মালয়শিয়া বা অন্য যেকোনো দেশের সঙ্গেই চুক্তি করা হবে।” পদ্মা সেতু নির্মাণে ‘কুয়াশা’ কেটে যাবে উল্লেখ করে কাদের বলেন, “আমি দৃঢ়তার সঙ্গেই বলছি আগামী এক বছরের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হবে।” সরকারিভাবে মালয়শিয়া পদ্মা সেতু নির্মাণ করতে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে আর কোন কোন শর্ত থাকবে সে বিষয়ে বিস্তারিত কথা হয়নি। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলো ঋণের সময়সীমা ছয় মাস বাড়িয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বাকি সময়সীমার মধ্যে তারা পদ্মা সেতু করার কন্ডিশন পূরণ করতে পারলে এবং সেতু নির্মাণে রিয়েলি আশ্বাস দিতে পারলে তাদের সাথে বৈরিতা করব কেন?” ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের যোগান দেবে সরকার। বিশ্বব্যাংকের নাম উল্লেখ না করে গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি ঋণদাতা সংস্থা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তার প্রমাণ দিতে না পারলে তাদের অর্থ সরকার নেবে না। বৈঠকে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮৫১ ঘ.