২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোর সহনশীলতা দরকার: মজিনা

গণমিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গুলিতে চার জন নিহত হওয়ার দিন এ মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “অচিরেই বাংলাদেশ চীনের পর্যায়ে চলে আসবে। কিন্তু এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা দরকার।” রোববার বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিলের সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। লক্ষ্মীপুর ও চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত হয় চার জন। এর প্রতিবাদে সোমবার ওই দুই জেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের অর্থনীতি ভালো। ভালোর পথে যাচ্ছে। আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আরও ভালোর জন্য রাজনৈতিক মতৈক্য দরকার।” তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি যথাযথ ও বাস্তবসম্মত হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। এ সময় এক্েেসটন্ডেড ক্রেডিট ফান্ডের (ইসিএফ) আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একশ’ কোটি ডলারের তহবিল শিগগিরই চলে আসবে বলে আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশে মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দরকার।” গত ১০ মাস ধরে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (১০ শতাংশ) অবস্থান করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। গত ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়, মূল্যস্ফীতি এক অংকের ঘরে নামিয়ে আনা হবে। এ জন্য সরকারি-বেসরকারি উভয় খাতেই ঋণ প্রবাহ কমানোর কথা বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/পিডি/২১২৪ ঘ.