চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী চার বছরে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন একশ কোটি পাউন্ডে উন্নীত করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার।
রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে পরিচালকদের সঙ্গে এক মত বিনিময়ে হাই কমিশনার রবার্ট উইনিংটন গিবসন বলেন, “বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপটে ২০০৫ সাল থেকে ২০১০ পর্যন্ত দুদেশের মধ্যে লেনদেন প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”
বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় ৮ শতাংশ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পাঠানো অর্থের মাধ্যমে অর্জিত হয় বলে জানান চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।
এ সময় তিনি বাংলাদেশে অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, আইসিটি, চামড়া, তৈরি পোশাক ও স্বাস্থ্য খাতে ব্রিটিশ সরকারকে বিনিয়োগ করার আহ্বান জানান।
বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে কারিগরি স্কুলসহ শিক্ষা খাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন হাই কমিশনার।
সভায় অন্যদের মধ্যে সাংসদ এমএ লতিফ, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১৯২০ ঘ.
bdnews24