ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৭০ মেগাওয়াট ক্ষমতার সাতটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ১৬ লাখ ১৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নুরুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
অনুমোদিত প্রস্তাব সম্পর্কে যুগ্ম-সচিব বলেন, সভায় সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৭০ মেগাওয়াট ক্ষমতার একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রটি স্থাপনের অনুমোদন পেয়েছে যৌথভাবে কুশিয়ারা এসএনপিসি ডিবিপিএল কনসোর্টিয়াম। ২২ বছর মেয়াদি এ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে সাত টাকা ১৭২১ পয়সা।
মুন্সীগঞ্জের কমলাঘাট বাজারে ফার্নেস অয়েল চালিত ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে সামুদা পাওয়ার অ্যান্ড এএসএম কনসোর্টিয়াম লিমিটেড। ১৫ বছর মেয়াদি এ বিদ্যুৎকেন্দ্রের প্রতি কিলোওয়াট বিদ্যুতের দামও পড়বে সাত টাকা ১৭২১ পয়সা।
নবাবগঞ্জের দৌলতপুরে এবং মানিকগঞ্জের সিংগাইরে ৫০ মেগাওয়াট করে দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদনও পেয়েছে সামুদা পাওয়ার অ্যান্ড এএসএম কনসোর্টিয়াম লিমিটেড।
কেরানীগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল ফুয়েল (দ্বৈত জ্বালানিচালিত) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে মতিয়ারা পাওয়ার প্যাক কনসোর্টিয়াম। ১৫ বছর মেয়াদি এ বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ছয় টাকা ৫৫৯০ পয়সা।
এছাড়া ভৈরবে ও সাতক্ষীরায় ফার্নেস অয়েলচালিত ৫০ মেগাওয়াট করে মোট ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেয় কমিটি। এ দুটি কেন্দ্রের কাজ পেয়েছে কনসোর্টিয়াম অব একিন স্পেনসেস অ্যান্ড অ্যালায়েন্স হোল্ডিং এবং কনসোর্টিয়াম অব কনফিডেন্ট সিমেন্ট অ্যান্ড অ্যানার্জি প্যাক পাওয়ার।
অনুমোদিত জ্বালানি তেল আমদানির প্রস্তাবগুলো হলো- মিশরের মিডল-ইস্ট অয়েল রিফাইনারি থেকে দুই লাখ ৭০ হাজার মেট্রিক টন, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) থেকে পাঁচ লাখ ৭০ হাজার টন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ৯০ হাজার টন, ফিলিপিন্স থেকে বিপিসির মাধ্যমে দুই লাখ ২৮ হাজার টন এবং মালয়শিয়ার পেট্রোনাস থেকে তিন লাখ টন পরিশোধিত গ্যাস অয়েল।
এছাড়াও ইউএই থেকে ৬০ হাজার টন, ফিলিপিন্স থেকে ১০ হাজার টন এবং মালয়শিয়ার পেট্রোনাস থেকে ৬০ হাজার টন জেট ফুয়েল ও ৩০ টন কেরোসিন আমদানির দরপ্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা কমিটি।
বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি কেনার প্রস্তাব ছাড়াও সভায় ২৫ লাখ মেট্রিক টন চিনি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।
টনপ্রতি ৬৭০ দশমিক ৫৯ ডলার মূল্যে এ চিনি আমদানির দরপত্র পেয়েছে মেসার্স রিয়া ইন্টারন্যাশনাল। চিনি আমদানির এ প্রস্তাব বাস্তবায়নে ব্যয় ধরা হবে ১৬৮ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৪১ ঘ.
bdnews24