বাগেরহাট, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বনদ কমিশনারেটে কর্মরত শুল্ক বিভাগের এক সহকারী কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার বিকালে ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।
মো. মাহফিজুর রহমান বাবুল নামের এই কর্মকর্তার বিরুদ্ধে ৬১ লাখ ৯৫ হাজার ২৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপণ করার অভিযোগ আনা হয়েছে।
মাহফিজুর রহমান বাবুল আগে মংলা শুল্ক ভবনে প্রিন্সিপাল এপ্রাইজার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের কালিবাজাইন গ্রামে।
দুদকের খুলনা সমন্বিত (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মংলা শুল্ক ভবনে কর্মরত থাকা অবস্থায় ২০০৮ সালের ১৪ জুলাই দুদক মো. মাহফিজুর রহমানকে তার সম্পদের হিসাব চেয়ে চিঠি দেয়।
ওই বছরের ৩১ জুলাই দুদকের কাছে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার এবং তার স্ত্রীর নামে ৭২ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৫৩ লাখ ৮৫ হাজার টাকা ধার করেন।
মাহফিজুর রহমানের দেওয়া এই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দেখা যায়, তিনি টাকা ধার নেওয়ার মিথ্যা তথ্য দিয়েছেন। তাছাড়া ঢাকার এলিফ্যান্ট রোড এলাকায় বাড়িসহ তার জ্ঞাত আয় বহির্ভূত আরও ৬১ লাখ ৯৫ হাজার ২৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া গেছে।
ঢাকার রমনা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদক আইনে খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে চট্টগ্রামে কর্মরত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মাহফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24