ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে প্রায় সব ক্ষেত্রে সফল মনে করলেও পুঁজিবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার এক সভায় তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অনেক ক্ষেত্রেই বর্তমান সরকার সফল হয়েছে। কিন্তু শেয়ারবাজার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছরে সবচেয়ে আলোচিত অন্যতম বিষয় ছিল পুঁজিবাজার। সরকার গঠনের এক বছরের মধ্যে ব্যাপক চাঙা হয়ে ওঠে পুঁজিবাজার, যা ২০১০ সালের নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। এক পর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক প্রায় ৯ হাজার পয়েন্টে গিয়ে দাড়ায়।
তবে ২০১০ সালের ডিসেম্বর বাজারে পতন শুরু হয়, রাস্তায় বিক্ষোভে নামে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মাঝে অবশ্য কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও গত কয়েক মাস ধরে দরপতন চলছে। ডিএসইর সাধারণ সূচক এখন সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।
পুঁজিবাজারে পতন ঠেকাতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে, কিন্তু বাজারের পতন ঠেকানো যাচ্ছে না। এ নিয়ে সমালোচনার মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী ও গভর্নরও।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ফটকা কারবারি আখ্যায়িত করে সমালোচনার মধ্যে পড়া আবুল মাল আবদুল মুহিত কিছুদিন আগে বলেন, “আমি কথা বললেই নাকি শেয়ারবাজার পড়ে। সে কারণে বাজার নিয়ে কোনো কথা বলবো না।”
এদিকে বিরোধী দল বলছে, পুঁজিবাজারে কারসাজি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করা হয়েছে, যাতে সরকারি দলের লোকরা জড়িত রয়েছে।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার বিশেষ সহকারী হানিফ পদ্মা সেতু জটিলতা নিয়েও কথা বলেন।
বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতে ঝুলে যাওয়া এই প্রকল্পের বিষয়ে তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে দাতাদের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে।”
দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংক দেশের বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে, যা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্র“তিগুলোর অন্যতম।
তবে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিন আগেও বলেছেন, দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে দাতাদের সাহায্য নেওয়া হবে না।
এখন সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কথাও বলছেন যোগাযোগমন্ত্রীসহ সরকারি দলের নেতারা। তবে এ নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা এখনো আসেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৪১ ঘ.
bdnews24