ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতি, তথ্য প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে গেলেও রাজনৈতিক সংস্কৃতি না বদলানোয় খেদ রয়েছে অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিতের।
“রাজনৈতিক সংস্কৃতির দিক দিয়ে কোনো উন্নতি হয়নি। আর এটাই সবচেয়ে বড় ব্যর্থতা,” শুক্রবার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শাহ এ এম এস কিবরিয়া স্মারক বক্তৃতার এই অনুষ্ঠানে সাবেক এই অর্থমন্ত্রীকে হারানোর জন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকেই দায়ী করেন বর্তমান অর্থমন্ত্রী।
“আমি জানি না, কীভাবে এটা ঠিক হবে,” বলেন তিনি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক রাজনৈতিক সভায় গ্রেনেড হামলায় নিহত হন কিবরিয়া।
মুহিত বলেন, “তার যে কোনো শত্র“-টত্র“ আছে, এটা আমার কখনো মনে হতো না। খুবই দুঃখের বিষয় তার মতো (কিবরিয়া) এক জন মানুষের জীবন এভাবে শেষ হয়ে যাবে। তবু ভালো তদন্ত কার্যক্রম আবার নতুনভাবে শুরু হয়েছে, নতুন দিকে ধাবিত হয়েছে।”
শেখ হাসিনার গত সরকারের অর্থমন্ত্রী কিবরিয়া এবং বর্তমান সরকারের অর্থমন্ত্রী মুহিত দুজনই সিলেট অঞ্চলের বাসিন্দা।
কিবরিয়াকে একজন ‘ক্ষণজন্মা পুরুষ’ হিসাবে আখ্যায়িত করে বলেন, “তিনি আমার বন্ধু, অগ্রজ, আমার পূর্বসূরি আবার এক হিসাবে আমার উত্তরসূরি।”
বর্তমান অর্থমন্ত্রী মুহিত ’৮০ দশকে এক বার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এই স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর)।
প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী স্মরণে অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর) আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা বক্তব্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোনায়েম সরকার ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে কিবরিয়ার সক্রিয় ভূমিকার কথা স্মরণ করে বলেন, “অসামান্য প্রতিভার অধিকারী আপাদমস্তক বাঙালি এই মানুষটি যুক্তি ও তথ্যনির্ভর লেখালেখির জন্য মননশীল পাঠকদের দৃষ্টি কেড়েছেন।”
কিবরিয়া ছিলেন বিএফডিআর এর অন্যতম প্রতিষ্ঠাতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত ‘বাংলাদেশের দারিদ্র্য চিন্তা : ভাবনার দারিদ্র যেখানে প্রকট’ শীর্ষক স্মারক বক্তৃতায় কিবরিয়াকে উদ্ধৃত করেন এভাবে, “বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার পূর্বশর্ত হচ্ছে শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়ন। দরিদ্রদের পক্ষে পরিকল্পিতভাবে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা না হলে উচ্চ প্রবৃদ্ধি সত্ত্বেও দারিদ্র তীব্রতর হতে পারে।”
আবুল বারাকাত আরো বলেন, “ঋণ গ্রহণের পূর্বশর্ত হিসাবে প্রণীত বিশ্বব্যাংকের তথাকথিত দারিদ্র হ্রাসের কৌশলপত্র আমাদের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের অস্বীকৃতি। আমার জানা মতে আত্মসম্মানবোধসম্পন্ন বেশ কিছু দেশ ইতোমধ্যে বিশ্বব্যাংকের পরামর্শে দারিদ্র হ্রাস কৌশলপত্র প্রণয়নে অস্বীকার করেছে।”
ধনী-গরিব বৈষম্য কমাতে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় নীতি প্রণয়নের পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২১৫০ ঘ.
bdnews24