২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুমতি’ নিয়েই পাহাড় কেটেছে কোরিয়ান ইপিজেড

পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নির্দেশের পর কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ দাবি করেছে, তারা যেটুকু পাহাড় কেটেছে, তার অনুমতি আগেই নেওয়া ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের নির্দেশের পর কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ দাবি করেছে, তারা যেটুকু পাহাড় কেটেছে, তার অনুমতি আগেই নেওয়া ছিল। গত রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সম্যানন্ট) মুনীর চৌধুরী আনোয়ারা ও পটিয়ায় কোরিয়ান ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশের পর বুধবার সংবাদ সম্মেলন করে ইপিজেড কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে পাহাড় কাটার বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে। পরিবেশ অধিদপ্তরের সব নির্দেশনা মেনে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে (কেইপিজেড) গড়ে তোলা হচ্ছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের উপদেষ্টা হাসান নাছির বলেন, পরিবেশ অধিদপ্তর যে পরিমাণ পাহাড় টিলা কাটার অনুমতি দিয়েছিল সে নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। ২০০৯ সালের নভেম্বরে শর্ত সাপেক্ষে দেওয়া পাহাড় কাটার অনুমতিপত্র সংবাদ সম্মেলনে দেখানো হয়, যা গত বছরে ২৪ নভেম্বর নবায়ন করা হয়েছে। শর্তে লেখা রয়েছে- “অনুমোদিত নকশা অনুযায়ী পাহাড় কর্তন ও মোচন করা যাবে। পাহাড় টিলা কাটার আগে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করতে হবে।” কোরিয়ান ইপিজেডের মহাব্যবস্থাপক মো. শাহাজাহান বলেন, “এ অঞ্চল সমতল না হওয়ায় কোথাও মাটি দিয়ে ভরাট করে সমতল করা হচ্ছে। উঁচু পাহাড় থেকে মাটি নিয়ে নিচু এলাকায় ওইসব মাটি দেওয়া হচ্ছে। তবে এসব মাটি কোথাও বিক্রি বা এ অঞ্চলের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।” তিনি জানান, পাহাড় কাটা বন্ধের নির্দেশের পরদিন সোমবার ঢাকায় প্রকল্পের নকশাসহ সব কাগজপত্র অধিদপ্তরে কার্যালয়ে দাখিল করা হয়েছে। কাগজপত্র পরীক্ষার পর দুয়েকদিনের মধ্যে কাজ চালানোর বিষয়ে পরিবেশ অধিদপ্তর অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন মহাব্যবস্থাপক। হাসান নাছির বলেন, কোরিয়ান ইপিজেডকে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার অংশ হিসেবে ১৬ লাখ গাছ ও ১৭টি কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/২১৫৩ ঘ.