সাইফুল আলম বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পঞ্চগড়, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত বছর ভারতের সঙ্গে দ্বি-পক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরু হলেও তা গতি পায়নি এক বছরেও। মধ্য ডিসেম্বরে পাথর আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর কার্যত স্থবির হয়ে পড়েছে এ বন্দর কার্যক্রম।
‘ট্রানজিট কার পাস’ চুক্তির আওতায় গত বছরের ২২ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
দুই নেতাই তখন ঘোষণা দিয়েছিলেন, এ বন্দর দিয়ে তিন মাসের মধ্যে ইমিগ্রেশন সুবিধা এবং পূর্ণাঙ্গ বাণিজ্য কার্যক্রম চালু হবে। কিন্তু এক বছরেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাবান্ধা স্থবন্দরের উদ্বোধন করেন। তখন এ বন্দর দিয়ে শুধু নেপালের সঙ্গেই আমদানি-রপ্তানি চলতো।
নতুনভাবে চালু করার পর ২০১০-১১ অর্থ বছরে এ স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার টাকা। আর চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে এসেছে ৭ কোটি ৫০ লাখ টাকা।
ডিসেম্বরের আগ পর্যন্ত এই সীমান্ত দিয়ে ভারত থেকে পাথর আমদানি হলেও শুল্কায়ন নিয়ে জটিলতায় গত ১২ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। এর আগে একই কারণে ভারতে ইট ও তুলা রপ্তানিও বন্ধ হয়ে যায়।
স্থলবন্দরের পরিদর্শক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে বলেন, “এ বন্দর দিয়ে এখন আর ভারতের সঙ্গে কোনো বাণিজ্য হচ্ছে না।”
তবে, নেপাল থেকে মসুর ডাল আমদানি এবং ব্যাটারি, গ্লাস, কোমল পানীয়, ওয়েস্ট কটন, ফেব্রিক্সসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে বলে জানান তিনি।
বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান বাবলা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছর শেষ দিকে একটি পরিপত্র জারির মাধ্যমে ভারত থেকে পাথর আমদানির এইচএস কোড (হারমনি কোড) বদলে দেয়। এর ফলে ব্যবসায়ীদের ওপর ২০ শতাংশ বাড়তি শুল্কের বোঝা চাপে। এই জটিলতায় বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে আসা একমাত্র পণ্য পাথরের আমদানিও বন্ধ হয়ে যায়।
পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু বলেন, বাংলাবান্ধায় বাণিজ্য কার্যক্রম গতি না পাওয়ায় সরকারও বছরে হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
ভারতের বেঙ্গল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন দাস টেলিফানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব পণ্যের প্রবেশাধিকার না থাকায় ভারতীয় ব্যবসায়ীরা এ স্থলবন্দরের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে চিঠি দিয়ে ১৪টি ভারতীয় পণ্যের প্রবেশাধিকার চাওয়া হয়েছে বলেও তপন দাস জানান।
স্থানীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সুপারিন্টেন্ডেন্ট আনোয়ারুল বাছেদ বলেন, “আপাতত ভারত থেকে কোনো পণ্য আসছে না। বাংলাদেশ থেকেও ভারতে যাচ্ছে না। তবে নেপালের সঙ্গে বাণিজ্য অব্যহত আছে।”
বন্দরটি পুরোপুরি চালু না হওয়ায় মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বলে জানান বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারেক।
তবে এ স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর ব্যাপারে শিগগিরই ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১১১০ ঘ.
bdnews24