ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি এবি (আরব বাংলাদেশ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরীর মেয়াদ বাড়ানোর আবেদন নাকচ করেছে বাংলাদেশ ব্যাংক।
তিনি এখন আর এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নন। গত বৃহস্পতিবার তিনি শেষ অফিস করেন।
ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ফজলুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের যে পর্যালোচনা কমিটি আছে তারা পর্যালোচনা করে দেখেছে, ওনার [(কাইজার চৌধুরী] পারফর্মেন্স ভালো না। সে কারণেই তার মেয়াদ বাড়ানোর আবেদন গ্রহণ করা হয়নি।”
গত ৩১ ডিসেম্বর কাইজার চৌধুরীর মেয়াদ শেষ হয়। তার আগেই মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি।
এর আগে ২০১০ সালের শেষের দিকে তার মেয়াদ শেষ হয়ে গেলে দুই বছর মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংক সেবার এক বছর মঞ্জুর করেছিল।
এ বিষয়ে মঙ্গলবার রাতে কাইজার চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন বা কেন্দ্রীয় ব্যাংকের নাকচ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, “গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত (বৃহস্পতিবার) আমি অফিস করেছি। এখন আমি ওই ব্যাংকের অন্য দায়িত্বে আছি।”
তিনি এখন কী দায়িত্বে আছেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি সাবেক এ এমডি।
এবি ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায়, ফজলুর রহমান প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
কাইজার এ চৌধুরীও প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এআরএইচ/পিডি/২২২০ ঘ.
bdnews24