২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় বিদ্যুৎকেন্দ্রের চুক্তি এ মাসের শেষে

খুলনায় আমদানি নির্ভর কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে আগামী ২৯ জানুয়ারি চুক্তি করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 06:48 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

নয়া দিল্লি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় আমদানি নির্ভর কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে আগামী ২৯ জানুয়ারি চুক্তি করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। থার্মাল পাওয়ার কর্পোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরূপ রায় চৌধুরী নয়া দিল্লিতে সোমবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, “প্রকল্পে ভারত-বাংলাদেশের অংশিদারিত্ব থাকবে সমান সমান।” খুলনার মংলায় এক হাজার তিনশ ২০ মেগাওয়াটের এ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২০১০ সালের ৩০ অগাস্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ। আমদানি করা কয়লায় প্রকল্পটি ভারতের থার্মাল পাওয়ার কর্পোরেশন পরিচালনা করার কথা। চট্টগ্রামে আরো একটি বিদ্যুৎকেন্দ্র বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আলোচনা চলছে। এ প্রকল্পের জন্য ইতিমধ্যে মংলা সমুদ্রবন্দরের কাছে প্রায় ১৯০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সুন্দরবনের ক্ষতির আশঙ্কায় বাংলাদেশের পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দারা এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৪১ ঘ.