২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির অর্ধেক দাম ব্যাংক থেকে পাওয়ার দিন শেষ

এখন থেকে গাড়ি কেনার মতো অনুৎপাদনশীল খাতে ব্যাংক থেকে ঋণ পেতে হলে ৭০ শতাংশ অর্থ গ্রহীতার নিজেকে যোগান দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মতো ৫০ শতাংশ অর্থ নিজে দিয়ে বাকিটা ব্যাংক থেকে নিয়ে গাড়ি কেনার দিন শেষ হলো। গাড়ি কেনাসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে ভোক্তা ঋণের রাশ টেনে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন থেকে গাড়ি কেনাসহ অন্য অনুৎপাদনশীল খাতের যে কোনো ঋণ ব্যাংক থেকে পেতে হলে ৭০ শতাংশ অর্থ গ্রহীতার নিজেকে যোগান দিতে হবে। এতো দিন ৫০ শতাংশ অর্থ ব্যাংক দিত। আর ৫০ শতাংশ ঋণগ্রহীতার নিজের দিতে হতো। অন্যদিকে গৃহ নির্মাণ (হাউজ ফাইন্যান্স) খাতে ঋণ-মার্জিন অনুপাত ৭০:৩০ করা হয়েছে। অর্থ্যাৎ এখন থেকে এ খাতে ৭০ শতাংশ অর্থ ব্যাংক দেবে। আর ৩০ শতাংশ গ্রাহককে যোগাড় করতে হবে। এতোদিন এ অনুপাত ছিল ৮০:২০। অর্থ্যাৎ মোট ব্যয়ের ৮০ শতাংশ অর্থ দিত ব্যাংক। বাকি ২০ শতাংশ গ্রহীতার দিতে হতো। রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘প্র“ডেনশিয়াল রেগুলেশন্স ফর কনজুমার ফাইন্যান্সিং’- শীর্ষক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত সার্কুলারটি অবিলম্বে কার্যকর বলে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২৪৭ ঘ.