২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা উত্তোলন: কমিটির সুপারিশ তৈরি

কয়লা উত্তোলনে পদ্ধতি নির্ধারণে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি তাদের সুপারিশের খসড়া তৈরি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লা উত্তোলনে পদ্ধতি নির্ধারণে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি তাদের সুপারিশের খসড়া তৈরি করেছে। তবে নির্ধারিত চার মাস সময়ের মধ্যে কমিটি তাদের সুপারিশ দিতে পারছে না সরকারকে। রোববার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা কার্যালয়ে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা বলেন কমিটিপ্রধান পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। তবে কমিটি কয়লা উত্তোলনে পদ্ধতি নির্ধারণে সুপারিশের খসড়া প্রণয়নের কাজ শেষ করেছে।” “খসড়া চূড়ান্ত করে জমা দিতে আরো একমাস সময় প্রয়োজন হবে,” যোগ করেন তিনি। কমিটির প্রথম বৈঠকের দিন থেকে চার মাস অর্থাৎ ১২ ফেব্র“য়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা ছিলো। প্রথম বৈঠকটি হয় গত বছরের ১২ অক্টোবর। আরো কয়েকটি সভার মাধ্যমে এ খসড়াটি চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানান তিনি। কমিটির সদস্য জ্বালানি বিষয়ক পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়লা উত্তোলনের পদ্ধতি, পানি ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক, পরিবেশগত এবং পুর্নবাসন বিষয়ে কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।” তবে কমিটির অধিকাংশ সদস্য মতামত প্রকাশ করেছে একক কোনো পদ্ধতিতে এ দেশে কয়লা উত্তোলন করা সম্ভব নয়, সেক্ষেত্রে উম্মুক্ত ও ভূ-গর্ভস্থ পদ্ধতির মাধ্যমে উত্তোলনের ব্যাপারে কমিটি সুপারিশ করতে যাচ্ছে বলে জানান তিনি। কমিটির সদস্য সচিব বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ এবং আর্থিক ক্ষতির বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে সুপারিশের ক্ষেত্রে। আগামী ২০ দিনের মধ্যে পরবর্তী সভা হবে।” কয়লা উত্তোলনের পদ্ধতি, পানি ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক, পরিবেশগত এবং পুর্নবাসন বিষয়ে মত দিতে গত বছরের ৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের এ বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার। এর আগে ২০১০ সালের এপ্রিল মাসে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে প্রধান করে খসড়া কয়লানীতি প্রণয়নের জন্য কমিটি গঠন করে। ওই কমিটি একই বছরের অক্টোবরে খসড়া কয়লানীতি প্রণয়ন করে জনগণের মতামত নিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে। এরপর তা আর চূড়ান্ত হয়নি। এ অবস্থায় নতুন এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বৈঠকে কমিটির অন্য সদস্যের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, সাবেক যুগ্ম-সচিব বিনু গোপাল দে, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নেহাল উদ্দিন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম শামসুদ্দিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার করেছে। এসব খনিতে কয়লার সম্ভাব্য মজুদ প্রায় তিন হাজার মিলিয়ন টন। খনি পাঁচটি হলো- দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দীঘিপাড়া, জয়পুরহাটের জামালগঞ্জ এবং রংপুরের খালসপীর। এর মধ্যে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ভূ-গর্ভস্থ পদ্ধতিতে দৈনিক প্রায় তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। যার অধিকাংশ ব্যবহৃত হচ্ছে সেখানকার তাপভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রে। ২০০৫ সালে সর্বপ্রথম বাংলাদেশে কয়লানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ১ ডিসেম্বর বিদেশি বিনিয়োগ নির্ভর, রপ্তানিমুখী এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ব্যবস্থা রেখে ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার’ বা আইআইএফসি-কে দিয়ে একটি খসড়া কয়লানীতি প্রণয়ন করা হয়। জোট সরকারের আমলে আইআইএফসি’র করা এই কয়লা নীতির আরো চারটি সংস্করণ তৈরি করা হয় পরের বছর। প্রতিবাদ, প্রতিরোধ ও সমালোচনার মুখে এগুলোর কোনোটিই কার্যকর হয়নি। এরপর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে কয়লানীতির আরো দুটি সংস্করণ তৈরি করা হয়। পরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে ২০০৮ এর জানুয়ারিতে কয়লানীতির ৮ম সংস্করণ প্রণয়ন করা হয়। এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফের কয়লানীতি প্রণয়নের উদ্যোগ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১৩২ ঘ.