২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমবায় বাজার স্থাপনে জায়গা চিহ্নিত

ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৯২টি ওয়ার্ডে একটি করে সমবায় বাজার স্থাপনে ৩৮টি স্থান চিহ্নিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 11:11 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৯২টি ওয়ার্ডে একটি করে সমবায় বাজার স্থাপনে ৩৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এসব স্থানে বাজার স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং স্থানগুলোর সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রতিবেদন দিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাজধানীতে ৯২টি সমবায় বাজার স্থাপন সংক্রান্ত এক পর্যালোচনা সভায় রোববার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ নির্দেশনা দেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, রাজধানীতে চারটিসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় এ পর্যন্ত ১১৪টি সমবায় বাজার স্থাপন করা হয়েছে। এ বাজারগুলো বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে পরিচালনা করা হচেছ। ভবিষ্যতে উপজেলা পর্যায়সহ জনবহুল এলাকায় আরো সমবায় বাজার স্থাপন করা হবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, “নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে ক্রয় সামর্থ্যরে মধ্যে রেখে নিত্য-প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ করতে সমবায় বাজার বিশেষ ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থার পাশাপাশি এ কাজে নিয়োজিত দক্ষ সমবায় সমিতিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।” সমবায় বাজারের স্থান নির্বাচনে খেলার মাঠ বা পার্কসহ জনকল্যাণকর প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়ারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মিহির কান্তি মজুমদার, ডিসিসি’র (উত্তর) প্রশাসক খোরশেদ আলম চৌধুরী ও ডিসিসি (দক্ষিণ) প্রশাসক খলিলুর রহমানসহ দুই ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭০১ ঘ.