ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ দুর্নীতি দমন কমিশন পায়নি বলে কয়েকটি সংবাদপত্র জানালেও কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, এর তদন্ত এখনো শেষ হয়নি।
রোববার প্রকাশিত বিভিন্ন দৈনিকের খবরের প্রতি কমিশন চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এটি ঠিক নয়।
“তদন্তের বিষয়ে আমার চেয়ে বেশি আর কেউ জানে না। অনুসন্ধান এখনো চলছে। তবে শিগগিরই আমরা প্রতিবেদন দেব,” বলেন গোলাম রহমান।
তিনি বলেন, “অনিয়ম হয়েছে কি না, তা জানাতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাওয়া তথ্য-উপাত্ত কয়েকটি পর্যায়ে যাচাই-বাছাই করার পরই আমরা একটা উপসংহারে আসবো।”
দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে গত ১১ অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে।
সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে দুদককে দায়িত্ব দেওয়া হয়। দুদকে চিঠি পাঠায় বিশ্বব্যাংকও।
বিশ্বব্যাংকের অভিযোগ, সেতু তৈরিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে প্রাকযোগ্যতা যাচাই প্রক্রিয়ায় এবং পদ্মাসেতুর পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম হতে পারে।
পরামর্শক ও ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ দুটি অনুসন্ধান করতে উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী ও সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলমকে নিয়োগ করে দুদক।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থ দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24