ঠাকুরগাঁও, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জে সারের বাফার গুদামে হাজার হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।
শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে শিবগঞ্জ রেল স্টেশন এলাকায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসির সারের বাফার গুদামটি (আপদকালীন মজুদ) অবস্থিত।
গুদামের ধারণ ক্ষমতার বেশি সার রাখায় এ অবস্থা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জন্য চলতি বোরো মৌসুমে সারের চাহিদা মেটাতে গুদাম ও গুদামের বাইরে ২৫ হাজার মেট্রিক টন সার মজুদ রাখা হয়েছে।
এছাড়াও বাইরেও খালাসের অপেক্ষায় রয়েছে আরো কয়েক হাজার মে. টন সার।
প্রতিদিন গড়ে প্রায় ৫০টি ট্রাক সার এলেও জায়গা না থাকায় ট্রাক থেকে তা খালাস করতে পারছে না কর্তৃপক্ষ। তাছাড়া এই মুহূর্তে কৃষকের মাঝে সারের চাহিদাও তেমন নেই।
সার নিয়ে আসা ট্রাক চালক সামসুল ইসলাম বলেন, “সারের ট্রাকের দীর্ঘ লাইন থাকায় দুই দিন ধরে এখানে অপেক্ষা করছি। কিন্তু সার খালাস করতে পারছি না।”
বাফার গুদাম ইনচার্জ আসাদুজ্জামান খান বলেন, দুই জেলার জন্য জানুয়ারি, এ গুদামের ধারণ ক্ষমতা সাড়ে সাত হাজার মেট্রিক টন। কিন্তু রাখা হয়েছে ধারণ ক্ষমতার তিনগুণেরও বেশি সার।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নতুন গুদাম নির্মাণের বিষয়ে জানানো হয়েছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24