২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স বাড়ছে: ১৩ দিনে এসেছে ৫৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১৩ দিনেই ৫৪ কোটি ৪১ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 06:23 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১৩ দিনেই ৫৪ কোটি ৪১ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। অর্থনীতিবিদ জায়েদ বখত বলেছেন, “টাকার বিপরীতে ডলারের দাম অনেক বাড়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। আর সে কারণেই ডিসেম্বরের মতো জানুয়ারি মাসেও বেশি রেমিটেন্স আসছে।” বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ১৩ জানুয়ারি পর্যন্ত (১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি) রেমিটেন্সের তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী, এই ১৩ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৫৪ কোটি ৪১ লাখ ২০ হাজার ডলার রেমিটেন্স এসেছে। গত ১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সময়ে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৯৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে। বিশেষায়িত দুই ব্যাংকের (কৃষি ও বেসিক ব্যাংক) মাধ্যমে এসেছে ৫২ লাখ ৯০ হাজার ডলার। ৩০ বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৩৮ লাখ ডলার। আর নয়টি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ লাখ ৪০ হাজার ডলার। অতীতের সব রেকর্ড ভেঙে প্রবাসীরা ডিসেম্বর মাসে ১১৪ কোটি ৪৪ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এর আগে এক মাসে কখনই এ পরিমাণ রেমিটেন্স আসেনি। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, “দেশের অর্থনীতিতে সংকট চলছে। এ অবস্থায় রেমিটেন্স বৃদ্ধি খুবই ইতিবাচক লক্ষণ। এ ধারা অব্যাহত থাকলে ব্যালান্স অব পেমেন্টে (লেনদেনের ভারসাম্যে) যে সমস্যা চলছে তা কাটিয়ে উঠতে সহায়তা করবে।” তার মতে, টাকার বিপরীতে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় প্রবাসীরা এখন দেশে তাদের পরিবার-পরিজনের কাছে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। তিনি বলেন, “অনেক প্রবাসী হয়তো বিদেশে টাকা জমিয়েছিলেন। এখন ডলারের দাম খুব বেশি বাড়ায় তারা তাদের জমানো অর্থ দেশে পাঠাচ্ছেন। এ কারণে রেমিটেন্স বেশি আসছে।” কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রতি ডলার বিক্রি হয়েছে বিক্রি হয়েছে ৮৪ টাকায়। গত এক বছরে ডলারের দাম বেড়েছে ১৭ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৬০৬ কোটি ৫৫ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫৫০ কোটি ডলার। শতকরা হিসেবে এ সময়ে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ২০১০-১১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে এক্ষত্রে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১ শতাংশের সামান্য বেশি। তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০১ কোটি ৫৫ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে। অগাস্ট মাসে আসে ১১০ কোটি ১৭ লাখ ডলার। সেপ্টেম্বরে আসে ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। অক্টোবর ও নভেম্বরে এসেছে যথাক্রমে ১০৩ কোটি ৯৪ লাখ ও ৯০ কোটি ৮১ লাখ ডলার। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ২৫ দশমিক ৯২ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে। ২০১০ সালের ডিসেম্বরের চেয়ে ২০১১ সালের ডিসেম্বরে রেমিটেন্স বেড়েছে ১৮ দশমিক ০৯ শতাংশ। সাধারণত দুই ঈদের আগে রেমিটেন্স প্রবাহ বেড়ে থাকে। কিন্তু সে ধরনের কোনো উৎসব না থাকার পরও ডিসেম্বরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০২২ ঘ.