২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের জন্য বন্ধ হলো বেনাপোল স্থল বন্দর

বাংলাদেশ ও ভারতের দুই অর্থমন্ত্রীর বেনাপোল-পেট্রাপোল বন্দর সফর ও কারপাস স্লিপ উদ্বোধন উপলক্ষে স্থলবন্দরে তিন দিন পণ্য আসা-যাওয়া বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

বেনাপোল, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের দুই অর্থমন্ত্রীর বেনাপোল-পেট্রাপোল বন্দর সফর ও কারপাস স্লিপ উদ্বোধন উপলক্ষে স্থলবন্দরে তিন দিন পণ্য আসা-যাওয়া বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল এই সময়ে স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি-রপ্তানির ক্ষেত্রে দুই দেশের একই আকৃতির কার্পাস স্লিপ উদ্বোধন করার জন্য আগামী শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উভয় চেকপোস্টে আসবেন। তাদের সফর উপলক্ষে ভারতীয় চেকপোস্ট এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই কারণে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে জানান মোস্তফা। রোববার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি চলবে। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে দিনে গড়ে পাঁচ শো ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীর নিরাপত্তাসহ অন্যান্য অফিসিয়াল কাজের কারণে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো আমদানি-রপ্তানি হবে না। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমিন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে আমদানির ক্ষেত্রে ভারত থেকে ৫ পাতার এক সেট ক্রু স্লিপ ব্যবহার হয় এবং বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে ৪ পাতার এক সেট কারপাস স্লিপ ব্যবহার হয়। দুই দেশের সিদ্ধান্ত অনুযায়ী, চালকের ছবি সম্বলিত ৩ পাতায় এক সেট কার্পাস চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে শুল্ক ফাঁকি দিয়ে কোনো পণ্য নিয়ে ভারতীয় ও বাংলাদেশী ট্রাক চলে যেতে পারবে না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১২৪ ঘ.