ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের গ্রাহকদের সন্তুষ্টিকে তার অধিকার হিসাবে দেখার জন্যে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের গ্রাহকদের সেবা নিশ্চিত করতে স্থাপিত “গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র” উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
আতাউর রহমান বলেন, “বাজার অর্থনীতিতে ব্যাংকগুলো তাদের সুদহার, চার্জ, কমিশন, ফি ইত্যাদি নিজেরাই নির্ধারণ করে থাকে। তারা বহুমুখী ব্যবসা ও সেবা প্রবর্তনের ক্ষেত্রে স্বাধীনতা পাচ্ছে। এই সেবা গ্রহণের সময় কোনো কোনো সময় গ্রাহকদের মধ্যে ভ্রান্ত ধারণা, বিতর্ক ও অসন্তুষ্টির জন্ম দিতে পারে।”
তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্যেই এই কেন্দ্র স্থাপিত করা হয়েছে বলে গর্ভনর জানান।
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অফিস সময়ে ১৬২৩৬ নম্বরে ফোন করে গ্রাহকরা ব্যাংক সংক্রান্ত বিষয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ফ্যাক্স, চিঠি, ই-মেইল ও এমএসএসের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ সেল স্থাপন করা হয়েছে।
এই সেলের মাধ্যমে ব্যাংকের সেবা ও কর্মদক্ষতা আরো বাড়বে বলে গর্ভনর আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১৫৫৮ ঘ.
bdnews24