২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যাংকিং পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা

দেশব্যাপী মোবাইল ফোন নেটওয়ার্ক সুবিধা ব্যবহার করে ব্যাংকিং সেবা-বহির্ভূত জনগণকে এর আওতায় আনতে পরিচালন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী মোবাইল ফোন নেটওয়ার্ক সুবিধা ব্যবহার করে ব্যাংকিং সেবা-বহির্ভূত জনগণকে এর আওতায় আনতে পরিচালন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বুধবার বলেন, “এ নীতিমালার উদ্দেশ্য হচ্ছে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা প্রদানের জন্যে একটি ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’ গড়ে তোলা, যা আর্থিক ক্ষেত্রে উদ্ভ¢াবনীমূলক সেবা চালু করার জন্যে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারবে।” দেশের মোবাইল ফোন অপারেটরগুলো যেন জনসাধারণের দোরগোড়ায় মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারে সে জন্য বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ১৬টি ব্যাংককে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দিয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ছয়টি ব্যাংক ইতোমধ্যে এ কার্যক্রম শুরু করেছে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন এবং বিক্যাশ এর মোবাইল আর্থিক পরিষেবার (ই-ব্যাংকিং) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সার্ভিসের মাধ্যমে যে কোনো গ্রামীণফোন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে মুঠোফোন ব্যাবহার করে মোবাইল আর্থিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই ব্যবস্থায় গ্রামীণফোন গ্রাহকগণ বিক্যাশ নিবন্ধন এবং এর মাধ্যমে টাকা প্রেরণ ও পরিশোধের মতো আর্থিক লেনদেন তাদের হ্যান্ডসেট ব্যাবহার করেই করতে পারবেন। এ সেবা গ্রহণ করতে গ্রাহককে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষে দক্ষ ও নিরাপদ পেমেন্ট সিস্টেমের কোনো বিকল্প নেই। এ লক্ষ বাস্তবায়ন তথা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়নে ইতোমধ্যে প্রবর্তন করা হয়েছে অন-লাইন ব্যাংকিং, ই-কমার্স, অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, অন-লাইন সিআইবি ও আধুনিকতার অন্যতম সোপান আজকের এই মোবাইল ব্যাংকিং কার্যক্রম।” তিনি বলেন, “মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় জনসাধারণের মৌলিক কতগুলো ব্যাংকিং ও আর্থিক সেবা যেমন বিদেশ হতে প্রেরিত রেমিট্যান্স বিতরণ, ব্যাংক শাখা, এটিএম ও মোবাইল অপারেটর আউটলেটের মাধ্যমে টাকা উত্তোলন ও জমাদান, ইউটিলিটি বিল প্রদান, কেনাকাটার বিল প্রদান, কর্পোরেট, শিল্প কারখানা ও বিভিন্ন অফিসের বেতন প্রদান, সরকারি অনুদান, ভাতা ও পেনশন প্রদান, তহবিল স্থানান্তর, মোবাইল ফোনে তাৎক্ষণিক ব্যালেন্স রিচার্জকরণ ইত্যাদি সেবা প্রদান সহজতর করা সম্ভব হচ্ছে।” উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন আহমেদ, বিক্যাশ’র চেয়ারম্যান রুমি আলী, বিক্যাশ’র প্রধান নির্বাহী কামাল কাদের ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী টোরে জনসন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২৩০৬ ঘ.