২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রি-রোলিং শিল্প বাঁচাতে ডলারের মূল্য স্থিতিশীল রাখুন’

ডলার, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং ডলার ‘সংকটের’ কারণে রডের বাজারে মন্দা দেখা দিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোয়িয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডলার, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং ডলার ‘সংকটের’ কারণে রডের বাজারে মন্দা দেখা দিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোয়িয়েশন। ডলারের মূল্য বৃদ্ধি ঠেকাতে না পারলে ২০ হাজার কোটি টাকার পুঁজি ক্ষতিগ্রস্ত ও বিনিয়োগ বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করে অ্যাসোসিয়েশনের নেতারা ডলারের মূল্য স্থিতিশীল রাখার দাবিও জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ ও মহাসচিব আবুল কাশেম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরের সঙ্গে বৈঠক করে এসব দাবি জানায়। মাসাদুল আলম সাংবাদিকদের বলেন, ডলার ‘সংকটের’ কারণে উৎপাদন ব্যয় টন প্রতি ১৮ হাজার টাকা বেড়ে গেছে। এতে ৬২ হাজার টাকা টনের রড বর্তমানে ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সঠিকভাবে মূল্য সমন্বয় করা হলে এর মূল্য ৮২ হাজার টাকা ছাড়িয়ে যাবে। মন্ত্রীর সঙ্গে বৈঠকে ডলারের মূল্য নির্দিষ্ট ও স্থিতিশীল, কাঁচামাল আমদানির ক্ষেত্র ধরে রাখা এবং উদ্বৃত্ত রড রপ্তানির সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী এসব দাবিসহ বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে ১০ টাকা। এক ডলারের জন্য গত মাসে ৮০ টাকার বেশি গুণতে হচ্ছিল। ডলারের মূল্য বাড়তে থাকার প্রেক্ষিতে গত বছরের ১০ অক্টোবর বিদেশি মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বিএএফইডিএ) ডলারের বিপরীতে টাকার মূল্য আমদানি পর্যায়ে সর্বোচ্চ ৭৬ টাকা এবং রেমিটেন্স ও রপ্তানির ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ টাকা নির্ধারণ করে দেয়। ডলারের মূল্যবৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে রডের কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যাবে উল্লেখ করে অ্যাসোসিয়েশন চেয়ারম্যান বলেন, “এতে দেশে রডের উৎপাদন বন্ধ হয়ে সব ধরণের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়বে। এ কারণে এ শিল্পের সঙ্গে জড়িত দুই কোটি পরিবার কর্মহীন হয়ে পড়বে।” আবুল কাশেম মজুমদার বলেন, দেশে বর্তমানে রডের চাহিদা রয়েছে বছরে ৩০ লাখ টন। কিন্তু দেশি রি-রোলিং মিলের উৎপাদন ক্ষমতা ৮০ লাখ টন। উদ্বৃত্ত ৪০ লাখ টন রড রপ্তানি করা হয় জানিয়ে তিনি বলেন, মূল্য বৃদ্ধির ফলে এতেও স্থবিরতা দেখা দিয়েছে। ভারতে শুল্কমুক্ত রপ্তানির সাড়া মিললেও অশুল্ক বাধা দূর না হওয়ায় রপ্তানি করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেন, অনিয়ন্ত্রিত ব্যাংক সুদের হারও এক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। এ অবস্থায় ডলারের দাম সুর্নিদিষ্ট করাসহ কাঁচামাল আমদানির ক্ষেত্রে ব্যাংকের সুদ নিয়ন্ত্রণ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০০৪ ঘ.