২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তুকি বন্ধে বিপিসির পরিকল্পনা চেয়েছে সরকার

আগামী দুই বছরে জ্বালানি তেলের দাম কী পরিমাণ বাড়ালে আর ভর্তুকি লাগবে না, সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে একটি ‘সুনির্দিষ্ট পরিকল্পনা’ চেয়েছে সরকার। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 06:13 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বছরে জ্বালানি তেলের দাম কী পরিমাণ বাড়ালে আর ভর্তুকি লাগবে না, সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে একটি ‘সুনির্দিষ্ট পরিকল্পনা’ চেয়েছে সরকার। তবে চলতি বোরো মৌসুমে জ্বালানি তেলের দাম আর বাড়ছে না বলেই ইংগিত দিয়েছেন রাষ্ট্রায়ত্ত এ সংস্থার চেয়ারম্যান। বিপিসি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা (বিপিসি) এক বছরের (২০১২) পরিকল্পনা ইতিমধ্যে অর্থমন্ত্রণালয়ে জমা দিয়েছি। বাকি এক বছরের (২০১৩) পরিকল্পনা তৈরির কাজ চলছে। খুব শিগগিরই তা জমা দেওয়া হবে।” চেয়ারম্যান জানান, সর্বশেষ গত ২৯ ডিসেম্বর বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে ১৮ টাকা ও ফার্নেস অয়েলে ৮ টাকা হারে ভর্তুকি দিতে হচ্ছে। তবে অকটেন ও পেট্রোলে লাভ থাকছে ৫০ পয়সার মতো। বর্তমান হিসাবে আর দাম না বাড়ালে ভর্তুকির কারণে চলতি বছরে ১২ হাজার কোটি টাকা লোকসান দিতে হবে বলে উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিতে গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ‘হার্ড টার্ম লোন’ কমিটির বৈঠকে দুই বছরের পরিকল্পনা চাওয়া হয় বিপিসির কাছে। অর্থমন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার জ্বালানি খাতে আর ভর্তুকি দিতে চায় না। দুই বছরে কি পরিমাণ দাম বাড়ালে আর ভর্তুকি লাগবে না, সামষ্টিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে, তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতিসহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বিপিসিকে দিতে বলা হয়েছে। বিপিসির পরিকল্পনা পেলে সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। শিগিগিরই আবার জ্বালানি তেলের দাম বাড়ছে কি না জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান আবু বকর বলেন, “সরকারের একেবারে শীর্ষ মহলে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়ে থাকে। সর্বশেষ দাম বাড়ানোর (২৯ ডিসেম্বর) এক ঘণ্টা আগেও আমি জানতাম না যে দাম বাড়ানো হচ্ছে।” তিনি জানান, স্থানীয় বাজারে তেলের দাম কতো হবে- তা নির্ভর করে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ও অপরিশোধিত তেলের দর, ডলারের বিনিময় হারসহ আরো বিভিন্ন বিষয়ের ওপর। সে কারণে তেলের দাম কখন সমন্বয় করা হবে- তা নিশ্চিত করে বলা যায় না। “তবে সরকারের ওপরের মহল থেকে একটি বিষয় নিশ্চিত হয়েছি, চলতি বোরো মৌসুমে তেলের দাম বাড়ানো হবে না,” যোগ করেন আবু বকর। তিনি জানান, পরিশোধিত ও অপরিশোধিত মিলে দেশে মোট ৭০ লাখ টনের মতো জ্বালানি তেলের চাহিদা রয়েছে। আর এ তেল আমদানি করতে খরচ হবে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার। ইসলামী উন্নয়ন ব্যাংকের সহযোগী সংস্থা ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের কাছ থেকে (আইটিএফসি) ২ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার বিষয়টি রোববারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এ ঋণ নেওয়া হচ্ছে ৫ শতাংশ সুদে। এ বছর আইটিএফসির কাছ থেকে বেশি ঋণ নিলেও সুদ হার গত বছরের তুলনায় কম পড়ছে বলে জানান চেয়ারম্যান। গত বছর আইটিএফসিএর কাছে এক দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ চাওয়ার পর এর বিপরীতে বাংলাদেশ এক দশমিক ২ বিলিয়ন ডলার পায়। ওই ঋণের সুদের হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। এছাড়া স্থানীয়ভাবে তিনটি ব্যাংক থেকে ২০০ মিলিয়ন ডলার সিন্ডিকেটেড ঋণ নিতে চুক্তি করেছে বিপিসি। বিপিসির তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে তেলের চাহিদা ছিল ৩৮ লাখ টন। চলতি ২০১১-১২ অর্থবছরে তা ৭০ লাখ টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কারণে গত এক বছরে জ্বালানি তেলের চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আর জ্বালানি তেল আমদানির অর্থ যোগান দিতে গিয়েই সরকারের ব্যাংক ঋণ অস্বাভাবিক হারে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৫ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১৮ হাজার ৩৬৫ কোটি টাকা ঋণ নিয়েছে, যা পুরো অর্থবছরে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রার প্রায় সমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১২০২ ঘ.