২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরে চট্টগ্রাম বন্দরের ক্ষমতা দ্বিগুণের ঘোষণা

চলতি দশকের মধ্যেই ‘এক ভিন্ন বন্দর’ দেখানোর আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মুহাম্মদ আনোয়ারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি দশকের মধ্যেই ‘এক ভিন্ন বন্দর’ দেখানোর আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। ২০২০ সালের মধ্যে বন্দরের পণ্য খালাসের পরিমাণ বর্তমানের দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে এগোনোর কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিজস্ব ড্রেজার এম ভি খনক হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমোডর আনোয়ার। সংস্কারের পর ড্রেজারটি চবকের কাছে হস্তান্তর করে দেশীয় মেরামতকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড। বন্দর চেয়ারম্যান বলেন, ২০২০ সালের মধ্যেই এক ভিন্ন চট্টগ্রাম বন্দর দেখতে পাবেন। এই সময়ের মধ্যে বন্দরের কন্টেইনার ওঠানামার ক্ষমতা ৩৫ লাখ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার) এ উন্নীত হবে। গত বছরে চট্টগ্রাম বন্দরে প্রায় ১৫ লাখ টিইইউস কন্টেইনার ওঠানামা করা হয়েছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) নির্মাণ কাজ শেষ হলে আরো ১০ লাখ টিইইউস কন্টেইনার ওঠানামা করা যাবে বলে জানান তিনি। পাশাপাশি কর্ণফুলী কন্টেইনার টার্মিনালের (কেসিটি) নির্মাণ কাজ শেষ হলে বন্দরের মোট সক্ষমতা হবে ৩৫ লাখ টিইইউস। “কোনো ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি ছাড়াই গত বছর চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি ছিল ২১ শতাংশ। সে অনুপাতে কন্টেইনার ও বাল্ক ওঠানামা এবং রাজস্ব আদায়ও বেড়েছে,” বলেন বন্দর চেয়ারম্যান। তিনি বলেন, কন্টেইনার ব্যবস্থা চালু হওয়ার পর অনেকের ধারণা ছিল বাল্ক কার্গোর মাধ্যমে পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। এ বিষয়টি বিবেচনায় রেখে বাল্ক কার্গো পরিবহণে পাঁচটি জেটি সম্বলিত একটি টার্মিনাল আগামী চার বছরের মধ্যে নির্মাণ করা হবে। হস্তান্তর অনুষ্ঠান শেষে ড্রেজারটি দেখেন বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০০৯ সালের ২১ অক্টোবর বন্দরের বহির্নোঙরে গ্রিন বয়ার কাছে খনন কাজ পরিচালনার সময় বন্দরের বিশেষায়িত একমাত্র ড্রেজার এমভি খনককে ধাক্কা দেয় পানামার পতাকাবাহী জাহাজ এমভি সিইউ ইউটোপিয়া। দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড ২০১০ সালের ১ জুন খনক মেরামতের কার্যাদেশ পেয়ে গত দেড় বছরে ৪৯ কোটি টাকা ব্যয়ে তা ব্যবহার উপযোগী করে তোলে। ফিনল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, সিঙ্গাপুর, ইউএই এবং জার্মান প্রকৌশলীদের তত্ত্বাবধানে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেসের স্থানীয় প্রকৌশলীরা ২৫০০ কিউবিক মিটার ক্ষমতা সম্পন্ন বিশেষায়িত ড্রেজারটি মেরামত করে। হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০২৫ ঘ.